আজ : শুক্রবার ║ ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ║২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

রিয়ালকে রেকর্ড ব্যবধানে বিধ্বস্ত করে সেমিতে বার্সেলোনা

দেশচিন্তা ডেস্ক: স্প্যানিশ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াই মানেই উত্তেজনায় ঠাসা ম্যাচ। কিন্তু মেয়েদের এল ক্লাসিকোয় দীর্ঘদিন ধরেই ক্লাব দুটির দ্বৈরথ অনেকটা একপেশে হয়ে আসছে। ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সা-রিয়াল। দুই লেগ মিলিয়ে লস ব্লাঙ্কোস মেয়েরা ১২ গোল হজম করে ছিটকে গেছে। বিপরীতে ১২-২ অ্যাগ্রিগেটে জিতে সেমিফাইনালে উঠল কাতালান মেয়েরা।

২ এপ্রিল (বৃহস্পতিবার) ক্যাম্প ন্যুতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়ালকে আতিথ্য দেয় বার্সা। যেখানে ৬-০ গোলে তারা সফরকারীদের উড়িয়ে দিয়েছে। স্বাগতিক বার্সার পক্ষে ক্যারোলাইন গ্রাহাম হ্যানসেন জোড়া এবং অ্যালেক্সিয়া পুতেয়াস, আইরিন পারেদেস, ইভা পাজোর ও ইসমি ব্রুগট একটি করে গোল করেন। প্রথম লেগে নিজেদের লেগে ৬-২ ব্যবধানে শেষ করলেও, এবার কোনো গোল করতে ব্যর্থ রিয়াল।

৬০ হাজার স্বাগতিক দর্শককে ষোলোআনা তৃপ্তি দিয়েই খেললেন পুতেয়াস-হ্যানসেনরা। মাদ্রিদের বিপক্ষে বরাবরই দাপট ছিল তাদের, দুই দলের ২৫ বারের দেখায় ২৪টিতেই জিতেছে কাতালানরা। এর মধ্যে গত রোববার স্প্যানিশ লিগে ৩-০ গোলে জয়ের ম্যাচটিও রয়েছে। অর্থাৎ, এক সপ্তাহে তিনবার মুখোমুখি হয়ে ১৫-২ গোলের ব্যবধানে শতভাগ জয়ের স্বাদ পেল বার্সেলোনা। এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগের টানা আট মৌসুমের সেমিফাইনালে ওঠার রেকর্ডও গড়ল তারা। যেখানে কাতালান মেয়েদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। লিগপর্বে জার্মান ক্লাবটিকে তারা ৭-১ ব্যবধানে হারিয়েছিল।

স্প্যানিশ তারকা পুতেয়াসের জন্য ম্যাচটি ছিল মাইলফলকের, ৫০০তম ম্যাচ খেলতে নেমে তিনি বার্সেলোনার ২৩০তম গোলটি করলেন। ওমেন্স ক্লাসিকোয় জয় আদায়ের পাশাপাশি রিয়ালকে তিক্ত রেকর্ডের স্বাদও দিলো বার্সা। মাদ্রিদের ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে এবার দুই লেগেই সর্বোচ্চ ব্যবধানে হারের স্বাদ পেয়েছে। এ ছাড়া ক্যাম্প ন্যু ২০২৩ সালের পর গতকাল নারী চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ দর্শক উপস্থিতির (৬০০৬৭) সাক্ষী হলো। ২০২৩ সালে বার্সা-চেলসি ম্যাচে যেখানে হাজির ছিলেন ৭২২৬২ দর্শক।

পুতেয়াস প্রথম স্প্যানিশ ফুটবলার হিসেবে মেয়েদের এই সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় ৩০ গোল করার রেকর্ড গড়েছেন। চলতি আসরে এখন পর্যন্ত তার গোলসংখ্যা ৬। সমান ৭টি করে গোল রয়েছে পুতেয়াসের সতীর্থ পাজোর ও বায়ার্নের পার্নিলি হার্ডারের। ৮ গোল নিয়ে সবার শীর্ষে আর্সেনাল তারকা অ্যালেসিয়া রুসো।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ