
চট্টগ্রাম নগরীর কাপাসগোলা ১১ ভাই বাই লেইনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি হিন্দু পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে জামায়াতের চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও মেয়রপ্রার্থী মুহাম্মদ শামসুজ্জামান হেলালী স্থানীয় নেতৃবৃন্দসহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের তাৎক্ষণিক প্রয়োজন বিবেচনায় আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। পাশাপাশি পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা পুনরুদ্ধার ও পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন নেতৃবৃন্দ।
চকবাজার জামায়াতের আমীর মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন চকবাজার ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইলিয়াস, জামায়াত নেতা এরশাদুল ইসলাম, ওয়ার্ড সভাপতি নুরুল আমিন, রমজান আলী ও মুহাম্মদ ফোরকানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
শামসুজ্জামান হেলালী বলেন, বিপদ-আপদে মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জামায়াতে ইসলামী সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।













