
আজ চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে জাতীয় ছাত্রশক্তির আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে অস্ত্র ব্যবহারসহ বিভিন্ন অপরাধে সম্পৃক্ততার অভিযোগ উত্থাপনের বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত ঘটনার সাথে সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া ঢালাওভাবে দায় চাপানোর এমন অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগর উত্তর শাখা।
(২৪ নভেম্বর ২০২৬) মহানগর উত্তর শাখার সভাপতি মোমিনুল হক ও সেক্রেটারি খুররম মুরাদ বলেন, “শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, মতপ্রকাশের স্বাধীনতা, সহাবস্থানের সংস্কৃতি নিশ্চিত ও সন্ত্রাস-দখলদারত্বমুক্ত ক্যাম্পাস গড়ার সংগ্রামে ছাত্রশিবির সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। কিন্তু একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে প্রকৃত সত্য আড়াল করতে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়াই ছাত্রশিবিরের ওপর একতরফা দায় চাপানো হচ্ছে, যা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও চেতনার সম্পূর্ণ পরিপন্থী।”
নেতৃবৃন্দ বলেন, “মহসিন কলেজের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে জাতীয় ছাত্রশক্তির সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের বিরুদ্ধে অস্ত্র ব্যবহারের মতো গুরুতর অভিযোগ তোলা হয়েছে এবং মহসিন কলেজ ছাত্রশক্তির আহ্বায়ক আব্দুল বাছির নাঈম সাংবাদিকদের কাছে ‘২৫-৩০ জন আহত হওয়ার’ দাবি করেছেন। এমন অভিযোগের ক্ষেত্রে তাদের স্পষ্ট করতে হবে—ছাত্রশিবিরের কোন পর্যায়ের জনশক্তি কী ধরনের অস্ত্র দিয়ে কাদের আহত করেছে? আহতদের ছবি অথবা ঘটনার সপক্ষে কোনো প্রমাণ কিংবা সুনির্দিষ্ট নাম-পরিচয় ও প্রমাণ ছাড়া এমন অভিযোগ কেবল রাজনৈতিক অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টির শামিল। অতীতে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের বক্তব্যেও যেকোনো ঘটনার দায় ছাত্রশিবিরের ওপর চাপানোর যে প্রবণতা দেখা গেছে, জাতীয় ছাত্রশক্তির অবস্থানেও তারই প্রতিফলন ঘটছে।
আমরা স্পষ্টভাবে জানাতে চাই, ছাত্রশিবিরের কোনো পর্যায়ের কোনো জনশক্তি অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পেলে সাংগঠনিক নীতিমালা অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিসিটিভি ফুটেজ যাচাই করে প্রকৃত সত্য উদ্ঘাটনের অনুরোধ করছি। একইসঙ্গে জাতীয় ছাত্রশক্তিকে ভিত্তিহীন দায় চাপানোর অপরাজনীতি পরিহার করে ছাত্রবান্ধব ও গঠনমূলক রাজনীতি করার আহ্বান জানাচ্ছি।”













