
দেশচিন্তা ডেস্ক: অভিষেকের রোমাঞ্চ কাটার আগেই ইতিহাস লিখে ফেলল বাংলাদেশের মেয়েরা। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেল নারী হকি দল, যা দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
শুক্রবার (২৪ এপ্রিল) জাকার্তার জিবিকে হকি ফিল্ডে অনুষ্ঠিত উইমেন্স এশিয়ান গেমস বাছাইপর্বে উজবেকিস্তানকে ৩-২ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী পারফরম্যান্সে এগিয়ে ছিল দলটি।
খেলার শুরুতেই রিমন শারিকার গোলে লিড নেয় বাংলাদেশ। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি তারা—উজবেকিস্তানের খুজায়েভা মাদিনাবোনু পেনাল্টি কর্নার থেকে দ্রুত সমতা ফেরান।
প্রথম কোয়ার্টারের সেই লড়াইয়ের পর দ্বিতীয় কোয়ার্টারে আবার এগিয়ে যায় বাংলাদেশ। ২৪তম মিনিটে ওপেন প্লে থেকে দারুণ এক গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন আক্তার কণা। এই লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্ত করে বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন ম্যাচসেরা আইরিন রিয়া।
শেষ কোয়ার্টারে অবশ্য লড়াই ছাড়েনি উজবেকিস্তান। খায়াদারোভা জুলখুমর পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ব্যবধান কমিয়ে ৩-২ করেন। তবে শেষ মুহূর্তের চাপ সামলে দারুণ দৃঢ়তা দেখায় বাংলাদেশের তরুণ দল।
অনূর্ধ্ব-২১ পর্যায়ের বেশ কয়েকজন খেলোয়াড় নিয়ে গড়া এই দলটি শেষ পর্যন্ত জয় ধরে রেখে ইতিহাস গড়ে। আন্তর্জাতিক সিনিয়র পর্যায়ে এটি বাংলাদেশের নারী হকি দলের প্রথম জয়।
এই জয়ের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ার পাশাপাশি ২০২৬ এশিয়ান গেমসে জায়গা করে নেওয়ার লড়াইয়েও নতুন গতি পেল বাংলাদেশ নারী হকি দল।


















