
দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে নতুন করে আগুন জ্বালাল ম্যানচেস্টার সিটি। চেলসিকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে পেপ গার্দিওলার দল।
রবিবার স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের প্রথমার্ধে খুব একটা ছন্দে ছিল না সিটি। তবে বিরতির পরই বদলে যায় চিত্র। মাত্র ছয় মিনিটের ব্যবধানে গোল করে নিকো ও’রাইলি ও মার্ক গেহি, এই ঝড়েই ম্যাচ থেকে ছিটকে পড়ে চেলসি।
এরপর জেরেমি ডোকুর গোলে বড় জয় নিশ্চিত করে সিটি। আগের দিন বোর্নমাউথের কাছে আর্সেনালের অপ্রত্যাশিত হারের সুযোগটা পুরোপুরি কাজে লাগাল তারা। এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা সিটির পয়েন্ট ব্যবধান এখন মাত্র ছয়, তাও আবার এক ম্যাচ কম খেলেছে তারা। ফলে ১৯ এপ্রিল এতিহাদ স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে ম্যাচটি হয়ে উঠেছে শিরোপা নির্ধারণী লড়াই।
ম্যাচটি জিততে পারলে ব্যবধান নামবে মাত্র তিন পয়েন্টে যা শিরোপা দৌড়কে পুরোপুরি উন্মুক্ত করে দেবে। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছে সিটি। লিগ কাপ ফাইনালে আর্সেনালকে হারানোর পর এফএ কাপ কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে উড়িয়ে দিয়েছে তারা। যদিও তার আগে ওয়েস্ট হ্যাম ও নটিংহাম ফরেস্টের সঙ্গে ড্র করে কিছুটা পিছিয়ে পড়েছিল দলটি।
চেলসির বিপক্ষে প্রথমার্ধে কিছুটা এলোমেলো ছিল তাদের খেলা। কিন্তু গার্দিওলার বিরতির বক্তব্য যেন নতুন প্রাণ জোগায় দলকে। ৫১তম মিনিটে রায়ান শেরকির দারুণ ক্রস থেকে হেডে গোল করে সিটিকে এগিয়ে দেন ও’রাইলি। এর ছয় মিনিট পর আবারও শেরকির জাদু, একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত পাস বাড়ান গেহির দিকে, সেখান থেকে নিখুঁত শটে ব্যবধান বাড়ান এই ডিফেন্ডার।
৬৮তম মিনিটে চেলসির রক্ষণভাগের ভুলে তৃতীয় গোলটি পায় সিটি। গোলরক্ষক রবার্ট সানচেজের ভুল পাস থেকে বল কাড়েন ডোকু, এরপর দৌড়ে ঢুকে গোল করে জয় নিশ্চিত করেন। চেলসির জন্য এটি আরেকটি হতাশার ম্যাচ। নতুন কোচ লিয়াম রোজেনিয়রের অধীনে শুরুটা ভালো হলেও সাম্প্রতিক সময়ে ছন্দ হারিয়েছে দলটি। শেষ সাত ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে তারা।
এই হারের ফলে শীর্ষ পাঁচে থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার লড়াইয়েও চাপে পড়ে গেল চেলসি।


















