
দেশচিন্তা ডেস্ক: শেষ মুহূর্তে ডি-বক্সের ঠিক বাইরে থেকে লিওনেল মেসির জোরালো ফ্রি-কিক। জালে জড়ালেই নিশ্চিত হয়ে যেত জয়। কিন্তু বামে ঝাঁপিয়ে পড়ে সেটি ঠেকিয়ে দেন নিউ ইয়র্ক রেড বুলসের গোলরক্ষক। ফলে নতুন স্টেডিয়ামে জয়ের স্বাদ পাওয়া হলো না ইন্টার মায়ামির।
রোববার (১১ এপ্রিল) সকালে নাটকীয় ম্যাচে ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
মেজর লিগ সকারে (এমএলএস) নিজেদের নতুন ঠিকানায় এখনো জয়হীন ইন্টার মায়ামি। উদ্বোধনী ম্যাচে অস্টিন এফসির বিপক্ষে ২-২ ড্রয়ের পর এবারও একই ফল নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে।
ম্যাচের শুরুতে এগিয়ে যায় রেড বুলস। গোল করেন জর্জ রুভালকাবা। তবে ম্যাচে ফেরে মায়ামি। পরে দ্বিতীয়ার্ধে মেসির তৈরি করা সুযোগ থেকে গোল করে দলকে এগিয়ে দেন জের্মান বের্তেরামে। ৫৫ মিনিটের সেই মুহূর্তে মেসিকে ঘিরে ছিলেন চারজন ডিফেন্ডার। কিন্তু নজর এড়ানো বের্তেরামে বল পেয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন। এটি ছিল মায়ামির জার্সিতে তার প্রথম গোল।
তবে সেই লিড ধরে রাখতে পারেনি মায়ামি। ৭৭ মিনিটে ১৮ বছর বয়সী জুলিয়ান হলের পাস থেকে সমতা ফেরান ১৭ বছর বয়সী আদ্রি মেহমেতি, যা তার ক্যারিয়ারের প্রথম গোল।
শেষদিকে দলকে জেতানোর সুবর্ণ সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু যোগ করা সময়ের চতুর্থ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া তার ফ্রি-কিক দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক এথান হর্ভাথ। এর আগে ৪৯ মিনিটেও গোলের কাছাকাছি গিয়েছিলেন মেসি। বক্সের সামনে ডিফেন্ডারকে কাটিয়ে শট নিলেও তা অল্পের জন্য পোস্ট মিস করে।
পুরো ম্যাচে আধিপত্য করে খেলেও জয় না পাওয়ায় হতাশ মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো। তার ভাষায়, দল জয় পাওয়ার মতোই খেলেছে, কিন্তু ছোট ভুলের বড় খেসারত দিতে হয়েছে।
শেষ ছয় ম্যাচে অপরাজিত থাকলেও নতুন স্টেডিয়ামে জয় না পাওয়ার আক্ষেপ থেকেই যাচ্ছে ইন্টার মায়ামির। অন্যদিকে, শেষ পাঁচ ম্যাচে মাত্র এক জয় পাওয়া রেড বুলস এই ড্র থেকে অন্তত এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে পারে।

















