
মাদার্শায় ইমরুবারের অনুষ্ঠানে এমপি শাহজাহান চৌধুরী
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
মানবকল্যাণ ও নৈতিক সমাজ গঠনে সবাইকে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
শুক্রবার দুপুরে সাতকানিয়ার মাদার্শা ইউনিয়নের লিচুবাগান এলাকায় ইমরুবারের উদ্যোগে আয়োজিত সাধারণ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) নবুয়ত প্রাপ্তির আগেই সমাজসেবা, সত্যবাদিতা ও মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করেছিলেন। তাঁর আদর্শ অনুসরণ করেই ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে হবে। ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে ইসলামের নৈতিক শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতি ও সামাজিক অবক্ষয় দূর করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক ধর্ম উপদেষ্টা প্রফেসর ড. আ এফ এম খালেদ হোসেন। তিনি বলেন, ইসলামের আদর্শ সমগ্র মানবজাতির জন্য কল্যাণকর। সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় ইসলামের দাওয়াত সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
কে এম আবু মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, মাদার্শা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল আলম চৌধুরী, মোহাম্মদ ইব্রাহীম, সাবেক ছাত্রনেতা নুরুল আমিন ও ফরিদুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।











