আজ : মঙ্গলবার ║ ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ║৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

বিবাহবিচ্ছেদ নিয়ে আমার কোনো অনুশোচনা নেই: হংসিকা

দেশচিন্তা ডেস্ক:ভালোবেসে ঘর বেঁধেছিলেন ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হংসিকা মোতওয়ানি ও সোহেল কাঠুরিয়ার সংসার। কিন্তু ৩ বছর পূর্ণ হওয়ার আগেই ভেঙে গেছে তাদের সংসার। গত মাসে মুম্বাইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্ট তাদের ডিভোর্স আবেদন মঞ্জুর করেন।

বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন হংসিকা। তবে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন এই অভিনেত্রী। এমনকি, তার প্রাক্তন বর সোহেলও টুঁ-শব্দ করেননি। কয়েক দিন আগে ভারতীয় গণমাধ্যম হাটারফ্লাইকে সাক্ষাৎকার দিয়েছেন হংসিকা। এ আলাপচারিতায় ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।

হংসিকা মোতওয়ানি বলেন, “আমার পরিবার কোনো কিছু নিয়ে আমাকে চাপ দেয়নি। মানুষ ক্লিকবেইট চেয়েছিল, তারা সেটা পেয়েছে। তারা শিরোনাম চেয়েছিল, সেটাও পেয়েছে। আমি এ বিষয়ে কখনো কিছু পরিষ্কার করিনি, আর করবও না। কারণ এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়।”

বিবাহবিচ্ছেদ নিয়ে কোনো অনুশোচনা নেই হংসিকার। এ অভিনেত্রী বলেন, “আমার কোনো অনুশোচনা নেই। ভুল ট্রেনে উঠে কষ্ট পাওয়ার চেয়ে নেমে যাওয়াই ভালো। তাই সব ঠিকঠাক আছে। আমার পরিবারের কাছ থেকে আমি অসীম সমর্থন পাই। আমার কোনো অনুশোচনা নেই। তাই আমি এখন যেখানে আছি, সেখানে খুবই সুখী।”

বিয়ে ও মাতৃত্ব নিয়ে সমাজের প্রত্যাশা সম্পর্কেও কথা বলেছেন অভিনেত্রী হংসিকা। কেবল তাই নয়, নারীদের জন্য নির্দিষ্ট সময়সীমা কেন নির্ধারণ করা হয়, তা নিয়েও প্রশ্ন তুলেছেন। হংসিকা বলেন, “আমি এটা জানি না। তবে আমার সঙ্গে এমন ঘটনা ঘটেনি। আমাকে কখনো এমন ঘেরাটোপে রাখা হয়নি, যেখানে মানুষ বলেছে, ‘বয়স হয়েছে, এখন তোমার বিয়ে করা উচিত।”

খানিকটা ব্যাখ্যা করে এ বিষয়ে হংসিকা বলেন, “অনেক মানুষ আছেন, যারা আপনাকে বলে দেবেন, আপনি কী করবেন। কিন্তু এখনকার সময়ের মেয়েরা শক্তিশালী ও স্বাধীন। তারা নিজেদের জন্য যা ভালো, সেটাই করেন।”

প্রশ্ন ছুড়ে দিয়ে হংসিকা বলেন, “আগে মানুষ বলতেন ২৫ বছর বয়সে বিয়ে করো, তারপর ৩০, এখন বলে ৪০ বছর বয়সের কথা। এরা কারা? বিয়ের পর বলে এখন বাচ্চা নাও। কিন্তু আপনার কাছে যদি এটা সঠিক মনে না হয়, তাহলে এটা করবেন না। এত চাপ নেওয়ার দরকার কী?”

হংসিকা মনে করেন, মহাবিশ্ব তাকে পথ দেখাবে। তার মতে, “ভালোবাসা সুন্দর। আমি জানি না, সঠিক সময় কখন আসবে। আমার মনে হয়, মহাবিশ্ব আমাকে পথ দেখাবে। যদি আমার জন্য নির্ধারিত থাকে, তাহলে সেটাই হবে।”

কোনো সম্পর্কে নিজেকে হারিয়ে ফেলতে নেই বলে মনে করেন হংসিকা। তার ভাষায়—“কোনো সম্পর্কে নিজেকে কেন হারাবেন? প্রথমে নিজেকে সম্মান করতে হবে, তারপরই আপনি অন্য কাউকে সম্মান করতে পারবেন।”

২০২২ সালের ৪ ডিসেম্বর ভারতের জয়পুরের মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসে রাজকীয় আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন হংসিকা-সোহেল। ২০২৪ সালের ২ জুলাই থেকে আলাদাভাবে বসবাস করেন তারা। পরবর্তীতে আলোচনা ও পারস্পরিক সম্মতিতে ডিভোর্সের পথে পা রাখেন। দাম্পত্য জীবনের আড়াই বছরের মধ্যে বিচ্ছেদের খবর হতাশ করেছে হংসিকার ভক্ত-অনুরাগীদের।

হৃতিক রোশান অভিনীত ব্যবসাসফল সিনেমা ‘কোই মিল গ্যায়া’। সিনেমাটিতে ছোট্ট টিনা চরিত্র দর্শকের মন কেড়েছিল। আর এ চরিত্রে অভিনয় করেছিলেন হংসিকা মোতওয়ানি। ছোট্ট সেই টিনার বয়স এখন ৩৪ বছর।

টিভি সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় ক্যারিয়ার শুরু করেন হংসিকা। পরে চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে নাম লেখান। ২০০৭ সালে তেলেগু ভাষার ‘দেশামুড়ুরু’ সিনেমায় প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন। তারপর তামিল, মালায়ালাম, কন্নড়, হিন্দি ভাষার অনেক সিনেমায় অভিনয় করেছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ