আজ : বৃহস্পতিবার ║ ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ║১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

পোপ লিও পররাষ্ট্রনীতিতে ভীষণ খারাপ, আমি তার ভক্ত নই: ট্রাম্প

দেশচিন্তা ডেস্ক: ইরানে সভ্যতা ধ্বংস নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হুমকির নিন্দা জানিয়েছিলেন প্রথম আমেরিকান পোপ চতুর্দশ লিও। এবার পোপকে পাল্টা তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট।

স্থানীয় সময় রোববার (১২ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ইরান ইস্যুতে পোপের তীব্র সমালোচনা করেন।

তিনি লিখেছেন, পোপের মন্তব্য ‘পররাষ্ট্র নীতির জন্য ভয়ানক’ বিপদ। আমি এমন পোপ চাই না যিনি মনে করেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকাটা ঠিক আছে।

পোপের বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ তুলে ধরে ট্রাম্প লিখেছেন, পোপ লিও ‘অপরাধের বিষয়ে দুর্বল, পারমাণবিক অস্ত্র ইস্যুতেও দুর্বল’।

গত সপ্তাহের শুরুতে ইরানের সভ্যতা ধ্বংস করে দেয়ার যে হুমকি ট্রাম্প দিয়েছিলেন, তার নিন্দা জানিয়েছিলেন পোপ লিও। তিনি এই হুমকিকে ‘একেবারেই অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেন এবং সতর্ক করেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত কেবল ‘ঘৃণা উসকে দিচ্ছে’।

ট্রাম্পের হুমকির সমালোচনা করে পোপ আরও বলেন, ‘এখানে অবশ্যই আন্তর্জাতিক আইনের প্রশ্ন আছে, তবে এর চেয়েও বেশি এটি একটি নৈতিক প্রশ্ন।’

ইরান যুদ্ধ শুরুর পর বেশ কয়েকবার ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে মন্তব্য করেছেন পোপ চতুর্দশ লিও। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও অন্যান্য নেতারা যখন ইরান-ইসরাইল যুদ্ধে ধর্মের দোহাই দিয়ে নিজেদের কর্মকাণ্ডকে সঠিক প্রমাণের চেষ্টা করছেন, পোপ তখন তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

গত শুক্রবার (১০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোপ লেখেন, ‘ঈশ্বর কোনো সংঘাতকে আশীর্বাদ করেন না। যারা একসময় তলোয়ার চালিয়েছে এবং আজ বোমা ফেলছে, যিশুখ্রিষ্টের কোনো অনুসারী কখনোই তাদের পক্ষে থাকতে পারে না।’

পোপ আরও বলেন, সামরিক শক্তি শান্তি বা মুক্তি দেবে না। শান্তি আসে কেবল ‘মানুষের মধ্যে ধৈর্যশীল সহাবস্থান এবং সংলাপের মাধ্যমে’। তবে তার ওই পোস্টে তিনি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বা অন্য কোনো নেতার নাম সরাসরি উল্লেখ করেননি।

যদিও নিজেকে খ্রিষ্টান (ক্যাথলিক নন) হিসেবে পরিচয় দেয়া ট্রাম্প তার মেয়াদে বেশ কয়েকবার নিজের কর্মকাণ্ডকে সঠিক প্রমাণ করতে ধর্মের দোহাই দিয়েছেন। গত সোমবার (৬ এপ্রিল) হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলেন ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি বিশ্বাস করেন, ঈশ্বর ইরান যুদ্ধকে সমর্থন করছেন। কারণ, হিসেবে তিনি বলেন, ‘ঈশ্বর মঙ্গলময়’ এবং তিনি ‘মানুষের কল্যাণ দেখতে চান’।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ