
দেশচিন্তা ডেস্ক: ভেনেজুয়েলায় গত জুনে আঘাত হানা জোড়া শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ জনে দাঁড়িয়েছে বলে ঘোষণা করেছে দেশটির সরকার।
দেশটির জাতীয় পরিষদের সভাপতি রদ্রিগেজ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে সোমবার শেয়ার করা এক পোস্টে এই হালনাগাদ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, ভূমিকম্পের পর প্রায় ৬১ হাজার মানুষকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ জুন ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। এতে দেশটির উপকূলীয় লা গুয়াইরা রাজ্য এবং রাজধানী কারাকাস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
তবে ভূমিকম্পের পর দীর্ঘ সময় পার হলেও উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সরকারের উদাসীনতার অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ স্বজনদের সন্ধানে দুর্গতরা যখন দিশেহারা, তখন সামরিক বাহিনী ও অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি দেলসি রদ্রিগেজের প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
হোর্হে রদ্রিগেজ জানান, ভূমিকম্পের পর সৃষ্ট ধ্বংসস্তূপের মাত্র ১৬ দশমিক ৫ শতাংশ এ পর্যন্ত সরানো সম্ভব হয়েছে। এই ধীরগতির কারণে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর স্বাভাবিক অবস্থায় ফেরা নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে।


















