আজ : মঙ্গলবার ║ ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ║১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

চাকসুর পাঠাগার সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহর ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে চাকসুর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ থেকে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার এবং বহিরাগতমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করার দাবি জানানো হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা “মাসুম ভাইয়ের রক্ত ঝরে, প্রশাসন কী করে”, “সন্ত্রাসীদের ঠিকানা এ ক্যাম্পাসে হবে না”, “সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”সহ বিভিন্ন স্লোগান দেন।

মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মোনায়েম শরীফের সঞ্চালনায় মানববন্ধনে সহ-দপ্তর সম্পাদক জান্নাতুল আদন বলেন, এ ঘটনার সূত্রপাত ৪ তারিখে। এ ধরনের সমঝোতা শিক্ষার্থীরা কেন করবে—এটি প্রশাসনের দায়িত্ব। তাকে চিহ্নিত করে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। প্রশাসন এখনো নীরব।

প্রতিবছর এমন ঘটনা ঘটে, কিন্তু কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। আমরা এ ঘটনার আগের ও পরের সব কিছুর বিচার চাই।
আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তাওহিদ বলেন, আগেও এমন ঘটনা ঘটেছে, কিন্তু মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মুচলেকা দেওয়া কিসের আইন? কেন অপরাধীদের ছাড় দেওয়া হবে? এখন থেকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

প্রক্টরিয়াল বডিকে বলছি—অপরাধীর কোনো দল নেই, তার শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
চাকসুর সহ-সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিক বলেন, অতীতেও আমরা হামলার শিকার হয়েছি, কিন্তু এখনো বিচার হয়নি। বহিরাগতদের কারণে আমরা কেউই নিরাপদ নই। যে কোনো শিক্ষার্থী এমন ঘটনার শিকার হতে পারে।

আমরা আশ্বাস নয়, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দেখতে চাই। না হলে এটি আমাদের দুর্বলতার বার্তা দেবে। আমরা সবাই একটি পরিবার, একসঙ্গে লড়বো।
চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, আগেও আমরা হামলার শিকার হয়েছি। তদন্তের কথা বলা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ঘটনার ১৭–১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশাসনের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। ওসি সাহেবের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া। আমরা এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম মেনে নেব না। ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে প্রশাসনকে তাদের সক্ষমতা দেখাতে হবে।
উল্লেখ্য, সোমবার রাতে হাটহাজারী ফিলিং স্টেশনে মাসুম বিল্লাহর ওপর হামলা করে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তদের ব্লেড ও ক্ষুরের আঘাতে তাঁর হাতে এবং চোখে জখম হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ