
দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আলোচিত পাঁচ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আাসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১১ মার্চ) রাত সোয়া ৯টায় র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ফ ম ফারুক গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার বীর হোসেন (৩৫) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টের ব্লক-বি/৩২ এর মৃত ফকির আহমদের ছেলে।
সহকারী পরিচালক আ ফ ম ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-৮ এলাকায় আলোচিত পাঁচ হত্যা মামলার পলাতক আসামি বীর হোসেন অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল গোয়েন্দা নজরদারি বাড়িয়ে সোমবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ইস্টের ব্লক-বি/৩২ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তিনি আরো জানান, গ্রেপ্তার বীর হোসেনের বিরুদ্ধে উখিয়া থানায় ২০২৩ সালের দুটি হত্যা মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।











