আজ : ║ ║║

রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনিয়ো

রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে আবারও ফিরছেন জোসে মরিনিয়ো। বৃহস্পতিবার এক্সে দেওয়া পোস্টে পর্তুগিজ এই কোচকে নিয়োগের কথা জানিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

৬৩ বছর বয়সী মরিনিয়োর সঙ্গে তিন বছরের চুক্তি করেছে রিয়াল।
টানা দুই মৌসুম বড় কোনো শিরোপা জিততে না পারার পর আলভারো আরবেলোয়ার জায়গায় মরিনিয়োকে দায়িত্ব দিল মাদ্রিদের ক্লাবটি।

আগামী ১৩ জুলাই প্রাক-মৌসুম প্রস্তুতি শুরুর দিন রিয়ালে যোগ দেবেন তিনি।
রিয়াল মাদ্রিদ তাদের বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের সভায় মরিনিয়োকে প্রথম দলের কোচ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে ক্লাবটি।
মরিনিয়ো এর আগেও রিয়ালের কোচ ছিলেন।

২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে ছিলেন তিনি। সে সময়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭৮ ম্যাচের মধ্যে ১২৮টিতে জিতেছিল রিয়াল।
তার অধীনেই ২০১১-১২ মৌসুমে লা লিগা জিতেছিল রিয়াল মাদ্রিদ। আগের মৌসুমে জিতেছিল কোপা দেল রে। তবে রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি মরিনিয়োর।

২০১১-১২ মৌসুমে মরিনিয়োর দল লা লিগায় ১০০ পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছিল। স্প্যানিশ লিগে কোনো দলের প্রথমবার ১০০ পয়েন্ট ছোঁয়ার কীর্তি ছিল সেটি। পরের মৌসুমে অবশ্য বার্সেলোনাও একই কীর্তি গড়ে।

গত মৌসুমে বেনফিকার দায়িত্বে ছিলেন মরিনিয়ো। পর্তুগিজ লিগে তার দল অপরাজিত থাকলেও শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি। বেনফিকা বুধবার জানিয়েছে, মরিনিয়োকে নিতে রিয়াল ১৫ মিলিয়ন ইউরো দিচ্ছে।

কোচিং ক্যারিয়ারে পোর্তো, চেলসি, ইন্টার মিলান, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম, রোমা, ফেনেরবাহচে, বেনফিকা ও রিয়াল মাদ্রিদের দায়িত্ব সামলেছেন মরিনিয়ো।

পোর্তো ও ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন তিনি। লিগ শিরোপা জিতেছেন পোর্তো, চেলসি, ইন্টার মিলান ও রিয়ালের হয়ে।

উয়েফার প্রধান তিন ক্লাব প্রতিযোগিতা জেতা একমাত্র কোচও মরিনিয়ো। পোর্তো ও ইন্টারকে নিয়ে চ্যাম্পিয়নস লিগ, পোর্তো ও ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে ইউরোপা লিগ এবং রোমাকে নিয়ে কনফারেন্স লিগ জিতেছেন তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ