
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে মাসব্যাপী ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহেদুল ইসলাম মিঞা।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে দেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। সেই লক্ষ্যে চলতি মাসেই চট্টগ্রাম জেলা প্রশাসক ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়কে অবস্থিত ডিসি পার্কে ১০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এরমধ্যে আজ প্রথম দফায় ২ হাজার বৃক্ষরোপণ করা হচ্ছে। এ ছাড়া পর্যায়ক্রমে এ মাসেই ৫৪ প্রজাতির (ফুল, ফল ও কাঠ জাতীয়) সর্বমোট ১০ হাজার বৃক্ষরোপণ করা হবে।
তিনি আরো বলেন, নগরায়ন ও শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠা এবং উন্নয়ন কার্যক্রমে অনেক সময় বৃক্ষ কাটতে হয়েছে। এ বৃক্ষরোপণের মাধ্যমে সেই বৃক্ষগুলোর ক্ষতিপূরণ করতে চাই।
তিনি বলেন, ডিসি পার্ককে একটি আদর্শ পার্ক হিসাবে গড়ে তোলা হবে। এই পার্কে শীতল সবুজ পরিবেশে পাবে দর্শনার্থীরা। পার্কের চারপাশে সাজানো থাকবে কৃষ্ণচূড়া। উত্তর পাশে থাকবে ফলের বাগান।
এতে হবে পাখ-পাখালির অভয়াশ্রম। এতে বাংলাদেশ যে একটা প্রাকৃতিক সৌন্দর্যের দেশ, তা ফুটে উঠবে। থাকবে নির্মল সুন্দর বাতাস। থাকবে স্বাস্থ্যসম্মত পরিবেশও।
পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তন সহনীয় উপকূলবর্তী চট্টগ্রাম ডিসি পার্কে এ বৃক্ষরোপণের আয়োজন।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।










