
দেশচিন্তা ডেস্ক: “নিরাপদ পণ্য, আত্মবিশ্বাসী ভোক্তা” প্রতিপাদ্যে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৬ উপলক্ষে কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি)’র উদ্যোগে ১৫ মার্চ (রোববার) চট্টগ্রামে এক সচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেলফ এইড-এর চেয়ারম্যান আ.হ.ম কামরুজ্জামান চৌধুরী’র সভাপতিত্বে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি’র উপাচার্য প্রফেসর ড. নাজিম উদ্দীন। উদ্ভোধক ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। স্বাগত বক্তব্য রাখেন সিআরবি’র মহাসচিব ডিজাইনার কেজিএম সবুজ। মূখ্য আলোচক ছিলেন মানবাধিকার সংগঠক এডভোকেট জিয়া হাবীব আহসান। বিশেষ অতিথি ছিলেন এডভোকেট আবুল হাশেম , আল্লামা রুমি সোসাইটির মহাসচিব সৈয়দ মোহাম্মদ সিরাজদ্দৌল্লাহ, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, সিআরবি, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি তাওহিদুল হক চৌধুরী, দক্ষিণ জেলা সভাপতি মাহফুজুর রহমান ও অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী জিয়াউল হক খন্দকার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. নাজিম উদ্দিন বলেন, নিরাপদ পণ্য নিশ্চিত করা এবং ভোক্তার আস্থা অর্জন করা একটি দায়িত্বশীল বাজারব্যবস্থার অন্যতম শর্ত। পণ্যের গুণগত মান, সঠিক তথ্য প্রদান এবং সেবার স্বচ্ছতা নিশ্চিত না হলে ভোক্তা সুরক্ষা কখনোই পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হবে না। তিনি আরও বলেন, ডিজিটাল যুগে ভোক্তারা এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। তাই উৎপাদক ও সেবা প্রদানকারীদের দায়িত্বশীল আচরণ এবং মানসম্মত পণ্য সরবরাহ নিশ্চিত করতে হবে। নিরাপদ খাদ্য, নিরাপদ পণ্য ও ন্যায্য বাজারব্যবস্থা প্রতিষ্ঠা হলেই ভোক্তার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে। সিআরবি’র সাধারণ সম্পাদক কেজিএম সবুজ বলেন, ভোক্তা অধিকার রক্ষায় শুধু আইন প্রণয়নই যথেষ্ট নয়; এর কার্যকর প্রয়োগ, ভোক্তা সচেতনতা এবং তথ্যপ্রাপ্তির সুযোগ বাড়ানো অত্যন্ত জরুরি। দেশে ভোক্তা অধিকার সুরক্ষাকে আরও শক্তিশালী করতে একটি সমন্বিত ও কার্যকর নীতিমালা প্রণয়ন প্রয়োজন। তিনি তৃণমূল পর্যায়ে ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভার আগে কাজীর দেউড়ি চত্বর থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সিআরবি’র উদ্যোগে প্রকাশিত “কনজিউমার নিউজ” স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।










