আজ : বুধবার ║ ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দেশচিন্তা ডেস্ক: বিডিআর সদর দপ্তর (বর্তমানে বিজিবি) পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে তারা এই শ্রদ্ধা জানান।

এর আগে এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, নাগরিক হিসেবে বিষয়টি সবার উপলব্ধিতে থাকা জরুরি। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানার হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য বলেও উল্লেখ করেন তিনি।

তারেক রহমান বলেন, এ হত্যাকাণ্ডের পর নানা ধরনের মিথ্যা ও অপতথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল। তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের মর্যাদা, বীরত্ব ও গৌরবের প্রতীক।

ভবিষ্যতে যেন কেউ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, সে জন্য পুনরায় শপথে বলীয়ান হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থবিরোধী যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে—এই হোক শহীদ সেনা দিবসের প্রত্যয়।

১৭ বছর আগে ২০০৯ সালের এই দিনে তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলস-বিডিআরের (বর্তমানে বিজিবি) সদর দপ্তর ঢাকার পিলখানায় বিদ্রোহের নামে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন বর্বরোচিত ও নির্মম হত্যার শিকার হয়েছিলেন।

দিনটি উপলক্ষ্যে আজ বুধবার ‘জাতীয় শহীদ সেনা দিবস’ পালিত হচ্ছে। দিবসটি পালন করা হচ্ছে গত বছর থেকে। দিনটি শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণ, দোয়া এবং রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানোর দিন হিসেবে পালন করা হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ