
দেশচিন্তা ডেস্ক : চট্টগ্রাম ওয়াসার ভান্ডালজুড়ি প্রকল্প থেকে সিডিএ কর্ণফুলী বামতীর প্রকল্পে সূপেয় পানি সরবরাহের দায়িত্ব নিলেন সিডিএর নব নিযুক্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইউনছ। পানি সরবরাহের দাবীতে আজ ০৮ মে দুপুর ২.৩০ টায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান
বীর মুক্তিযোদ্ধা জননেতা মোহাম্মদ ইউনুছ’ এর নিকট স্মারক লিপি পেশ করেছে সিডিএ কর্ণফুলী প্লট মালিক সমিতি। দীর্ঘ ৩৩ বছরেও পানি না পাওয়ায় ৫১৯ টি প্লট সম্বলিত মেগা হাউজিং প্রকল্পটি বিরান ভূমিতে পরিনত হয়েছে।
চেয়ারম্যান মহোদয়ের খাস কামরায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্লট মালিক সমিতি নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম মহানগরীর ক্রমবর্ধমান আবাসন সংকট নিরসনে প্রকল্পটি বিরাট ভূমিকা রাখতে পারে। সিডিএ কর্ণফুলী বামতীর হাউজিং সোসাইটির সিনিয়র সহসভাপতি এডভোকেট জিয়া হাবীব আহসান স্মারকলিপি পাঠ করেন ।
এসময় সমিতির সভাপতি অধ্যক্ষ মোজাম্মেল হক, সহ-সভাপতি সাধারন সম্পাদক আলহাজ্ব ইয়াসিন (প্রাক্তন চেয়ারম্যান), সাংগঠনিক সম্পাদক সাইফুল হুদা, অর্থ সম্পাদক এডঃ মোঃ সেলিম উদ্দীন, সদস্যবৃন্দ যথাক্রমে এডভোকেট মোহাম্মদ ফয়েজ উল্লাহ,মোঃ ফয়সাল আলম, মোবিনুল হক চৌধুরী, মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ ইকবাল, সাইফুজ্জামান চৌধুরী, মানবাধিকার কর্মী নজরুল হোসেন, এডভোকেট কে এম শান্তনু চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। সিডিএ-র অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সমিতি নেতৃবৃন্দের বক্তব্য গুরুত্বের সাথে শুনেন এবং এ ব্যাপারে সিডিএর যেকোন উদ্যোগ এর প্রতি আন্তরিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এ ব্যাপারে তিনি সরাসরি চট্টগ্রাম ওয়াসার এমডি এ.কে.এম ফজলুল্লাহ সাহেবকে কল দিয়ে বলেন, অতিসত্বর কর্ণফুলী ভান্ডালজুড়ির পানি সরবরাহ ব্যবস্থা করতে উদ্যোগ নিতে অনুরোধ জানান এবং ওয়াসার এমডি ও তিনি তার পক্ষ থেকে যাবতীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং এই প্রকল্পে অতিসত্বর পানি সরবরাহ মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় কে দিয়ে উদ্বোধনের আশাবাদ ব্যক্ত করেন।
সমিতির নেতৃবৃন্দ প্রকল্প এলাকার অভ্যন্তরে কর্ণফুলী উপজেলার নামে কর্তৃত্ব বহির্ভূত অবৈধভাবে কুরবানীর গরুর হাট ইজারা দিয়ে কোটি কোটি টাকা আত্নসাতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে এবং উক্ত ইজারায় সিডিএ এর তত্ত্বাবধানে পরিচালনা পূর্বক তা প্রকল্প এলাকায় মসজিদ ও উন্নয়ন কাজে ব্যবহারের জন্য সমিতি নেতৃবৃন্দ তাঁকে অনুরোধ জানান। তিনি অবিলম্বে এই ব্যপারে ব্যবস্থা নিবেন বলে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। সমিতি নেতৃবৃন্দ সি ডি এ চেয়ারম্যান মহোদয় এর গতিশীল নেতৃত্বে সি ডি এর বিরাট কর্মযজ্ঞের ভূয়সী প্রশংসা করেন এবং ৩৩ বছরের পানি সংকট নিরসনে তাঁর সার্বিক সাফল্য কামনা করেন।













