
দেশচিন্তা ডেস্ক: বিশ্বখ্যাত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক ও শিক্ষাবিদ এবং কানাডার মন্ট্রিয়লস্থ কনকর্ডিয়া ইউনিভার্সিটির ভাইস-প্রেসিডেন্ট ড. টিম ইভান্স প্রিমিয়ার ইউনিভার্সিটির আমন্ত্রণে সংক্ষিপ্ত সফরে চট্টগ্রাম আগমন করেছেন ০৪ জুলাই ২০২৬, শনিবার | এ সফরের মূল উদ্দেশ্য ছিল নগর উন্নয়ন, জনস্বাস্থ্য, পরিবেশ ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়নের বিভিন্ন উদ্যোগ পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ভবিষ্যৎ আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রগুলো অন্বেষণ করা|
সফরের শুরুতে ড. টিম ইভান্স হালিশহর টিজি এলাকা পরিদর্শন করে বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন| এরপর তিনি মহেশ খাল পরিদর্শন করে জলাবদ্ধতা নিরসন, নৌযান চলাচলের সম্ভাবনা এবং খালপাড়কে ঘিরে পর্যটন উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন| আগ্রাবাদ জাম্বুরি মাঠে তিনি দ্রুত নগরায়নের প্রেক্ষাপটে সবুজ উন্মুক্ত স্থান ও নগর পার্ক সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে মতামত ব্যক্ত করেন| আগ্রাবাদ মোড়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার সম্ভাবনা এবং মিডল্যান্ড গার্ডেনিং প্রকল্পে পরিবেশবান্ধব ‘গ্রিন সিটি’ ধারণার বাস্তবায়ন নিয়েও তিনি আগ্রহ প্রকাশ করেন| এছাড়া মেমন হাসপাতালে তিনি হাসপাতাল ব্যবস্থাপনা, সেবার মানোন্নয়ন এবং কার্যকর স্বাস্থ্যসেবা প্রদান ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত ধারণা গ্রহণ করেন|
পুরো সফরে তাঁর সঙ্গে ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর জনাব সাদাত জামান খান, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান জনাব হোসেন মুরাদ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের কাউন্সেলর জনাব ফাইজা চৌধুরী|
পরিদর্শন শেষে চিটাগাং ক্লাবে আয়োজিত মধ্যাহ্নভোজে ড. টিম ইভান্সকে স্বাগত জানান প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার এবং রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির| এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জনাব রক্তিম চৌধুরী এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মঈনুল হোসেন চৌধুরীও উপস্থিত ছিলেন| মধ্যাহ্নভোজে অংশগ্রহণকারীরা চট্টগ্রামের টেকসই উন্নয়ন, আধুনিক স্বাস্থ্যসেবা এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন|
পরে প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে এক বিশেষ উপস্থাপনা অনুষ্ঠানের আয়োজন করা হয়| অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং এস্পেরিয়া ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে পৃথক তিনটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়| প্রেজেন্টেশনগুলোতে টেকসই নগর পরিকল্পনা, স্মার্ট সিটি ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, আধুনিক স্বাস্থ্যসেবা এবং সম্ভাব্য একাডেমিক ও গবেষণা সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরা হয়| অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল অতিথি উপস্থিত ছিলেন|
এ উপলক্ষে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞদের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির এই ধরনের জ্ঞানবিনিময় ও মতবিনিময় ভবিষ্যতে শিক্ষা, গবেষণা, জনস্বাস্থ্য, নগর পরিকল্পনা এবং উদ্ভাবনী কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে| তিনি বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার পরিবেশ গড়ে তোলার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ|
ড. টিম ইভান্সের এ সফর প্রিমিয়ার ইউনিভার্সিটির আন্তর্জাতিকীকরণ কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং বিশ্বমানের শিক্ষা, গবেষণা ও জনকল্যাণমূলক উদ্যোগে আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন|












