আজ : বুধবার ║ ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ║৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি

‘চুক্তি করতে মরিয়া’ ইরান, দ্রুত শেষ হবে যুদ্ধ: ট্রাম্প

দেশচিন্তা ডেস্ক: ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব দ্রুতই শেষ হবে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে আইনপ্রণেতাদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। সূত্র: আল জাজিরা।

এমন এক সময়ে ট্রাম্প এমন মন্তব্য করলেন, যখন রিপাবলিকান-নিয়ন্ত্রিত মার্কিন সিনেট মঙ্গলবার একটি ‘ওয়ার পাওয়ারস রেজুলেশন’ অগ্রসর করার পক্ষে ভোট দিয়েছে। এই প্রস্তাবে বলা হয়েছে, কংগ্রেসের স্পষ্ট অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ চালানো বন্ধ করতে হবে।

ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) খুব মরিয়া হয়ে চুক্তি করতে চায়। তারা এই পরিস্থিতিতে ক্লান্ত।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইরানের মাথায় পারমাণবিক অস্ত্রের চিন্তা রয়েছে, কিন্তু আমরা তাদের কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না।’

ট্রাম্প দাবি করেন, ‘আমরা দারুণ কাজ করেছি। আমার মনে হয়, খুব দ্রুতই এই পরিস্থিতির সমাপ্তি হবে। তারা পারমাণবিক অস্ত্র পাবে না, এবং আশা করি আমরা বিষয়টির সমাধান খুব সুন্দরভাবেই করতে পারব।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে। নিহতের তালিকায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও আছেন।

পাল্টা জবাবে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইরানও। জর্ডান, ইরাক, সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতসহ প্রায় এক ডজন দেশে হামলা চালিয়েছে তারা।

এ যুদ্ধে প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি স্থবির হয়ে পড়েছে পশ্চিম এশিয়ার বিমান পরিবহন ব্যবস্থা; হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় অস্থিরতা তৈরি হয়েছে জ্বালানি পণ্যের বৈশ্বিক বাজারে।

যুদ্ধের ৪০ দিনের মাথায় গত ৮ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ। সেই দুই সপ্তাহ শেষ হওয়ার ঘণ্টা কয়েক আগে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

কিন্তু যুদ্ধবিরতির মধ্যেই হরমুজ প্রণালি ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি অবরোধ ও অভিযোগ অব্যাহত রয়েছে। মাঝে পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনা চললেও এখন পর্যন্ত দুই পক্ষের মধ্যে কোনো চুক্তি হয়নি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ