
দেশচিন্তা ডেস্ক: লেবাননের একটি সরকারি সংস্থা দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর চালানো ধ্বংসযজ্ঞের উদ্বেগজনক পরিসংখ্যান প্রকাশ করেছে। ইসরায়েলি বিমান হামলা, ড্রোন হামলা, কামানের গোলাবর্ষণ এবং সুপরিকল্পিতভাবে ভবন গুঁড়িয়ে দেয়ায় ওই অঞ্চলের ঘরবাড়ি প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
আল জাজিরার প্রতিবেদনে সরকারি ওই সংস্থার তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননের অর্ধেক ভবন বা আবাসন ইউনিট বর্তমানে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া বাকি অর্ধেক ঘরবাড়ি এমনভাবে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে মানুষের পক্ষে ফিরে যাওয়া এবং নতুন করে জীবন শুরু করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
আক্রান্ত এলাকাগুলোতে বর্তমানে ইসরায়েলি সৈন্যরা অবস্থান করছে। ফলে স্থানীয় বাসিন্দাদের পক্ষে সেসব স্থানে পৌঁছানো সম্ভব হচ্ছে না। বিশেষ করে বিন্ত জুবাইল শহরের মতো এলাকাগুলো নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা একসময় প্রায় ৩০ হাজার মানুষের আবাসস্থল ছিল। বাস্তুচ্যুত এই বাসিন্দারা আদৌ কোনোদিন তাদের নিজ বসতভিটায় ফিরতে পারবে কি না, তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
একদিকে বসতবাড়ি পুরোপুরি ধ্বংস হওয়া, আর অন্যদিকে বিদেশি সেনাদের দখলদারিত্ব-সব মিলিয়ে দক্ষিণ লেবাননের জনপদ এখন আক্ষরিক অর্থেই এক জনশূন্য ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।


















