আজ : শনিবার ║ ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে বাসায় হামলা, ভাঙচুর ও নারী হয়রানির অভিযোগ

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের অক্সিজেন উত্তরা আবাসিক এলাকায় জামায়াতে ইসলামীর এক নেতার বাসায় গভীর রাতে হামলা, ভাঙচুর ও নারী সদস্যদের হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামী গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার শূরা ও কর্মপরিষদের সদস্য মাওলানা জামাল হোসাইনের বাসায় গতকাল রবিবার এ ঘটনা ঘটে বলে জানানো হয়। অভিযোগে বলা হয়, বায়েজিদ থানা পুলিশের উপস্থিতিতে একদল অজ্ঞাতনামা ব্যক্তি রাতে বাসায় প্রবেশ করে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় নারী সদস্যদের সঙ্গে অসদাচরণ ও হয়রানির ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি বাসার বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি পরবর্তীতেও নিয়মিত হুমকি-ধমকির মুখে রয়েছে বলে অভিযোগ উঠেছে।

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার ও সেক্রেটারি আব্দুল জব্বার এক বিবৃতিতে বলেন, কোনো ব্যক্তিকে গ্রেফতারের ক্ষেত্রে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। কিন্তু এ ঘটনায় তার ব্যত্যয় ঘটেছে বলে তারা অভিযোগ করেন।

বিবৃতিতে আরও দাবি করা হয়, মাওলানা জামাল হোসাইনের ছেলে সাদিক আব্দুল্লাহকে একটি মিথ্যা মামলায় গ্রেফতারের প্রচেষ্টার আড়ালে এই হামলার ঘটনা ঘটানো হয়েছে। পুলিশের উপস্থিতিতে ‘মব সৃষ্টি’ এবং বহিরাগত মুখোশধারী ব্যক্তিদের হামলার অভিযোগ তুলে আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ