আজ : শুক্রবার ║ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ║ ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

গণভোটের ফল সংশোধন করল ইসি, অতিরিক্ত গেজেট প্রকাশ

দেশচিন্তা ডেস্ক: গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া গণভোটের ফলাফলে বড় ধরনের সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন করে গেজেট প্রকাশ করে কমিশন ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের সংখ্যায় পরিবর্তনের তথ্য জানিয়েছে। সংশোধিত ফলাফলে আগের চেয়ে প্রায় ১০ লাখ ‘হ্যাঁ’ ভোট কমেছে।

গত ২৫ ফেব্রুয়ারি জারি করা ইসির সংশোধিত ফলাফলের গেজেটে বলা হয়েছে, নতুন হিসেব অনুযায়ী গণভোটে ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০ জন এবং ‘না’ ভোটের সংখ্যা ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১ জন। সংশোধিত এই হিসেবে ‘হ্যাঁ’ এবং ‘না’ ভোট মিলে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭ জন। এর মধ্যে বাতিল হয়েছে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬টি ভোট। বাতিল ভোট বাদ দিয়ে মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১ জন।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি জারি করা প্রাথমিক গেজেটে ভিন্ন তথ্য দিয়েছিল ইসি। ওই হিসেব অনুযায়ী ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা ছিল ৪ কোটি ৮২ লাখ ৬৬০ জন এবং ‘না’ ভোটের সংখ্যা ছিল ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ জন। তখন ‘হ্যাঁ’ এবং ‘না’ ভোট মিলে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ছিল ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন। এর মধ্যে বাতিল হয়েছিল ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭ জন এবং মোট বৈধ ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬ জন।

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলেও ইসির পরিসংখ্যানে বড় গরমিল, কোনো আসনে ভোট কাস্টিং ২৪৪%

সংশোধিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, প্রথম প্রকাশিত ফলাফলের তুলনায় ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা ৯ লাখ ৭৪ হাজার ৬৮০টি কমেছে। অন্যদিকে ‘না’ ভোটের সংখ্যা কমেছে ১ লাখ ১১ হাজার ৪৯৫টি।

নির্বাচন কমিশন এই সংশোধনীর সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কমিশনের আদেশক্রমেই এই সংশোধনী গেজেট প্রকাশ করা হয়েছে।

ইসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ এবং সংবিধান সংস্কারের প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি যাচাইয়ে গত ১২ ফেব্রুয়ারি এই গণভোট অনুষ্ঠিত হয়। মূলত এই গণভোটের মাধ্যমেই জুলাই জাতীয় সনদের সাংবিধানিক বৈধতা ও জনসম্মতি চূড়ান্ত করার কথা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সাংবাদিকদের বলেন, ‘আগের প্রকাশিত ফলাফলে করণিক ভুল ছিল, কিছু ডিজিট এদিক ওদিক হয়েছে। পরবর্তীতে তা কারেকশন করে যেটা হয়েছে, তা আজ সংশোধন করা হয়েছে।…এখনও হ্যাঁ এর সংখ্যা বেশি, তাতে কোনো বিচ্যুতি হয় নি।’

উল্লেখ্য, সংশোধিত গেজেট অনুযায়ী ‘হ্যাঁ’ ভোট ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০টি (যা পূর্বে জানানো হয়েছিল ৪,৮২,০০,৬৬০টি) এবং ‘না’ ভোট ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১টি (যা পূর্বে ইসির গেজেটে ছিল ২,২০,৭১,৭২৬টি)।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ