
দেশচিন্তা ডেস্ক: দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশকের পদ ছেড়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক হিসেবে যোগ দিয়েছেন বিএনপি পরিবার-এর আহ্বায়ক এবং দলটির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়েছে, সাংবাদিক, ‘আমরা বিএনপি পরিবার’–এর আহ্বায়ক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশক হিসেবে যোগদান করেছেন।
আতিকুর রহমান রুমনের রয়েছে দীর্ঘ সাংবাদিকতা ও রাজনৈতিক অভিজ্ঞতা। তিনি বিভিন্ন মানবিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোক্তা হিসেবে কাজ করেছেন। সাংবাদিকতা ও রাজনীতির সমান্তরাল ধারায় সক্রিয় থেকে তিনি নিজেকে একটি নিবেদিত নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন রুমনের এই যোগদানকে সংশ্লিষ্ট মহল ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে। গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, তার নেতৃত্বে পত্রিকাটি নতুন দৃষ্টিভঙ্গি ও পেশাদারিত্বের মাধ্যমে আরও গতিশীল হয়ে উঠবে।
নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনস্বার্থ রক্ষা এবং গণমাধ্যমের নৈতিক মানদণ্ড বজায় রাখাই হবে তার প্রধান অঙ্গীকার। তিনি পাঠক, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেন।










