
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-০৯ সংসদীয় আসনে জামায়াত মনোনীত ও ১১ দলের সমর্থিত প্রার্থী ডা. এ. কে. এম. ফজলুল হকের পক্ষে ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ডের উদ্যোগে গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে কোতোয়ালি থানার অন্তর্গত দেওয়ান বাজার ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে ডা. এ. কে. এম. ফজলুল হক বলেন, একটি শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্বের বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করুন।
তিনি আরও বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও দুঃশাসন চরম আকার ধারণ করেছে। জনগণের ভোটাধিকার ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলাম ও দেশপ্রেমিক শক্তির রাজনীতি প্রয়োজন। জামায়াত ও ১১ দলীয় জোট জনগণের সেই প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে।
গণসংযোগকালে নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রার্থীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
এতে উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ২০ নম্বর ওয়ার্ড আমীর এডভোকেট সৈয়দ আনোয়ার সাদাত সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।










