আজ : ║ ║║

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান হলেন সাবেক আইআরজিসি কমান্ডার

দেশচিন্তা ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক কমান্ডার-ইন-চিফ মোহসেন রেজাইকে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার ইরানের প্রেসিডেন্সি এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্সির মুখপাত্র মেহদি তাবাতাবায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, মোহাম্মদ বাঘের জোলঘাদর সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিবের পদ থেকে পদত্যাগ করে নতুন দায়িত্বে যাওয়ার পর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মোহসেন রেজাইকে ওই পদে নিয়োগ দিয়েছেন।

৭১ বছর বয়সী মোহসেন রেজাই ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত প্রায় ১৬ বছর আইআরজিসির নেতৃত্ব দেন। এরপর তিনি ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সরকারি পদে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে তিনি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।

গত জুলাইয়ে মোহসেন রেজাই হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্ব নিয়ে মন্তব্য করেছিলেন। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার অন্যতম কেন্দ্র এই গুরুত্বপূর্ণ নৌপথ।

রেজাই তখন বলেছিলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ‘ডজন ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়। ফলে এ নৌপথ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা রয়েছে।

মোহসেন রেজাইয়ের পূর্বসূরি মোহাম্মদ বাঘের জোলঘাদরও আইআরজিসির সাবেক কমান্ডার। চলতি বছরের মার্চে তিনি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিবের দায়িত্ব নেন।

তবে রোববার সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, জোলঘাদর এখন মোজতবা খামেনির রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

নতুন নিয়োগের মধ্য দিয়ে ইরানের জাতীয় নিরাপত্তা কাঠামোয় মোহসেন রেজাইয়ের দীর্ঘ সামরিক ও রাজনৈতিক অভিজ্ঞতা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পেতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ