
দেশচিন্তা ডেস্ক: আগামী ২ আগষ্ট মার্কিন অসম গোলামীর বাণিজ্য চুক্তি বাতিল করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় ছাত্র সমাবেশ ও পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশ সফল করার লক্ষ্যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার উদ্যোগে প্রচারাভিযান ও গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে নগরের সিটি কলেজ, ইসলামিয়া কলেজ, নিউমার্কেট মোড়ে এ কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন, স্কুল বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা শ্রাবণী সহ অন্যন্য নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব বিলিন করে গত নির্বাচনের মাত্র ৩দিন আগে তৎকালীন ইউনুস সরকার সাম্রাজ্যবাদী আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করেছে। এ চুক্তিকে বিশ্লেষণ করলে দেখা যায়, সমস্ত স্বার্থেই মার্কিনদের স্বার্থ। সাম্রাজ্যবাদী আমেরিকার অনুমতি ছাড়া গম, সয়াবিন, এলএনজি সহ অনেক গুলো গুরুত্বপূর্ণ আমদানিকারক পণ্য অন্যান্য দেশ থেকে ক্রয় করা যাবে না, বরং বেশি দামে আমেরিকার কাছ থেকে পণ্য আমদানি করতে হবে! ৪৫ হাজার কোটি টাকা দিয়ে আমেরিকার কাছ থেকে বোয়িং বিমান কিনতে কিনতে হবে যার টাকা বিমান পাওয়ার আগেই পরিশধ করতে হবে। দেশের শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সহ গুরুত্বপূর্ণ খাতকে ক্ষতিগ্রস্ত করেই ইউনুস সরকার এ চুক্তি করেছে। এ চুক্তি বাতিলের দাবিতে দেশপ্রেমিক ও সাম্রাজ্যবাদ বিরোধী জণগণ এর ব্যানারে স্পিকার বরাবর স্মারকলিপি ও সংসদ সদস্যদের চিঠি দেওয়া হলেও তারা সংসদ অধিবেশনে এ চুক্তি নিয়ে কোন আলাপই তুলেনি। অপরদিকে দেশের চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার পাঁয়তারা চলছে দীর্ঘদিন ধরে। কোনভাবেই বিদেশি কোম্পানির কাছে এ বন্দর মার্কিন স্বার্থ রক্ষাকারী ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়া চলবে না।
নেতৃবৃন্দ আরো বলেন, যদি বর্তমান সরকার এ চুক্তি বাতিল না করে এবং চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরকার সরে না আসে তাহলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সরকারকে এ দেশ বিরোধী অসম বাণিজ্য চুক্তি বাতিল করতে বাধ্য করা হবে।











