
দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং (বাক্কো) আন্তর্জাতিক এআই ইনোভেশন অ্যান্ড লিডারশিপ কনসোর্টিয়াম (IAIILC) প্রেস্টিজ অ্যাওয়ার্ড ২০২৬-এ ভূষিত হয়েছে। নেতৃত্ব, উদ্ভাবন, সুশাসন, শিক্ষা, সাইবার নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং বৈশ্বিক সহযোগিতায় বাক্কোর অসামান্য অবদান ও দূরদর্শী নেতৃত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হয়।
শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। দেশি-বিদেশি বিশিষ্ট অতিথিবৃন্দের উপস্থিতিতে মাননীয় মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন, এমপি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি তুলে দেন। বাক্কোর পক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক জনাব ফয়সল আলিম সম্মানজনক এই পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে উল্লেখ করা হয়, উদ্ভাবনের প্রসারে, সুশাসন সুদৃঢ়করণে, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে, সাইবার নিরাপত্তা উদ্যোগে সহায়তায়, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখায় এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে বাক্কোর প্রমাণিত সাফল্য ও কাঠামোগত উৎকর্ষতাই এই পুরস্কারের মূল ভিত্তি।
এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও), ইনফরমেশন টেকনোলজি এনেবলড সার্ভিসেস (আইটিইএস) এবং ডিজিটাল সেবা শিল্পের বিকাশে বাক্কোর অব্যাহত প্রচেষ্টা ও অঙ্গীকারের প্রতিফলন। নীতি-সমর্থন, শিল্প উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি, তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়ন এবং কৌশলগত আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে বাক্কো বাংলাদেশকে একটি প্রতিযোগিতামূলক বৈশ্বিক আউটসোর্সিং গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
পুরস্কার গ্রহণের পর বাক্কোর সাধারণ সম্পাদক জনাব ফয়সল আলিম বলেন, “এই আন্তর্জাতিক স্বীকৃতি সমগ্র বাংলাদেশ বিপিও ও আইটিইএস শিল্পের জন্য নিঃসন্দেহে একটি গর্বের অর্জন। আমরা এই পুরস্কার আমাদের সদস্য, শিল্প অংশীদার, সরকারি অংশীজন এবং সেই হাজার হাজার নিবেদিতপ্রাণ পেশাদার ব্যক্তিকে উৎসর্গ করছি, যাঁদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠা আমাদের খাতকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে চলেছে। বাংলাদেশের জন্য একটি বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক, উদ্ভাবনী ও টেকসই ডিজিটাল সেবা শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতিতে বাক্কো সর্বদা অবিচল থাকবে।”
বাক্কো এই মর্যাদাপূর্ণ স্বীকৃতির জন্য আন্তর্জাতিক এআই ইনোভেশন অ্যান্ড লিডারশিপ কনসোর্টিয়াম (IAIILC) এবং ইউনিভার্সাল হিউম্যানিটি ফাউন্ডেশন (UHF)-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছে। একইসঙ্গে, দেশের ডিজিটাল অর্থনীতির অগ্রযাত্রায় আন্তরিক সহযোগিতার জন্য বাংলাদেশ সরকার, উন্নয়ন অংশীদার, সদস্য সংগঠন এবং সকল শিল্প অংশীজনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে।
এই অর্জন বাক্কোর সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গিকে আরও বেগবান করেছে। পাশাপাশি বাংলাদেশকে আউটসোর্সিং ও ডিজিটাল সেবায় একটি শীর্ষস্থানীয় বৈশ্বিক কেন্দ্রে পরিণত করা, টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা এবং শিল্পজুড়ে উদ্ভাবনের সংস্কৃতি গড়ে তোলার অঙ্গীকারকে আরও দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছে।











