
দেশচিন্তা ডেস্ক: বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতি আহবান
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নে ডিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চের আয়োজনে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী।
শুক্রবার (২৪ জুলাই) কলাউজান গৌর সুন্দর উচ্চ বিদ্যাপীঠ প্রাঙ্গণে লোহাগাড়া ইসলামিক সেন্টারের সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী আয়োজিত ক্যাম্পে স্থানীয় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।
ক্যাম্প পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল আলম চৌধুরী বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। মানবসেবামূলক এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, সেবার মানসিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা।
সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এ ধরনের উদ্যোগে সম্পৃক্ত হলে অসহায় মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আ ন ম নোমান, কলাউজান ইউনিয়ন জামায়াতের আমির ডা. সিদ্দিক আহমেদ,লোহাগাড়া উপজেলা শিবির সভাপতি মুহাম্মদ শাহেদুল ইসলাম,ইউনিয়ন নায়েবে আমির মাস্টার নাজিম, সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, কলাউজান ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ সোহেল, কলাউজান ইউনিয়ন জামায়াতের প্রচার সম্পাদক কফিল উদ্দিন এবং সমাজসেবা সম্পাদক মোহাম্মদ ওসমান।
আয়োজকরা জানান, এলাকার অসচ্ছল ও চিকিৎসাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।











