আজ :

পে-স্কেল বাস্তবায়নে টালবাহানা শ্রমিক-কর্মচারী অসন্তোষ বাড়াবে : এস এম লুৎফর রহমান

দেশচিন্তা ডেস্ক : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে সরকার অযৌক্তিক টালবাহানা শুরু করেছে। জুনের শেষ সপ্তাহে গেজেট প্রকাশের কথা থাকলেও এখন পর্যন্ত তা প্রকাশ না হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হতাশা ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বেসরকারি খাত, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকরাও বর্তমান মজুরি কাঠামো ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে চরম সংকটে রয়েছেন।

তিনি ১৩ জুলাই বাদ মাগরিব চট্টগ্রামের জামালখানস্থ মহানগর কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের মাসিক সেক্টর দায়িত্বশীল বৈঠকে সভাপতির উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন।

এস এম লুৎফর রহমান বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নতুন পে-স্কেল কার্যকর করা এবং এক ধাপে শতভাগ বাস্তবায়ন করা। কিন্তু সরকার একদিকে কার্যকরের সময় পিছিয়ে দিয়েছে, অন্যদিকে ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়ে কর্মচারীদের ন্যায্য প্রত্যাশাকে উপেক্ষা করেছে। দ্রুত গেজেট প্রকাশ করে এক ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান তিনি।

তিনি বলেন, দেশের শ্রমজীবী মানুষের প্রকৃত সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। গার্মেন্টস শ্রমিকদের বর্তমান ন্যূনতম মজুরি জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য পর্যাপ্ত নয়। বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে শ্রমিক পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ এবং শ্রম আইনে খর্ব হওয়া অধিকার পুনর্বহাল না করলে শিল্পখাতে অস্থিরতা আরও বৃদ্ধি পাবে।

এস এম লুৎফর রহমান আরও বলেন, সরকার যদি সত্যিকার অর্থে শ্রমিকবান্ধব রাষ্ট্র গড়তে চায়, তাহলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে-স্কেল দ্রুত বাস্তবায়নের পাশাপাশি বেসরকারি খাতের শ্রমিকদের জন্যও যুগোপযোগী মজুরি কাঠামো, সামাজিক নিরাপত্তা ও শ্রমিক অধিকার নিশ্চিত করতে হবে। অন্যথায় মূল্যস্ফীতি ও বৈষম্যের কারণে শ্রমজীবী মানুষের অসন্তোষ আরও তীব্র হবে, যা দেশের অর্থনীতি ও শিল্পখাতের জন্য শুভ হবে না।

মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি নজির হোসেন ও মকবুল আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, মহানগর সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ , কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী ও প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ