আজ :

বিতর্কের জন্ম দেওয়া যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

দেশচিন্তা ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ-স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে বেলজিয়াম। চার্লস ডি কেটেলারের জোড়া গোল, রোমেলু লুকাকুর শেষ মুহূর্তের গোল এবং স্বাগতিকদের একের পর এক ভুলের সুযোগ কাজে লাগিয়ে ৪-১ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে ইউরোপের দলটি। এই জয়ে কোয়ার্টার ফাইনালে উঠে স্পেনের সঙ্গে লড়াই নিশ্চিত করেছে বেলজিয়াম।

মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত হওয়া ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বেলজিয়াম। এর ফলও পেয়ে যায় দ্রুত। ম্যাচের নবম মিনিটে বক্সের ভেতর সহজ সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন চার্লস ডি কেটেলারে।

গোল হজমের পর ধীরে ধীরে ম্যাচে ফেরে যুক্তরাষ্ট্র। ৩১ মিনিটে মালিক টিলম্যানের নেওয়া দারুণ এক ফ্রি-কিক প্রতিপক্ষের গায়ে লেগে জালে জড়িয়ে গেলে সমতায় ফেরে স্বাগতিকরা। তবে সেই আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। মাত্র দুই মিনিট পরই কর্নার থেকে আসা বলে হেডে নিজের দ্বিতীয় এবং দলেরও দ্বিতীয় গোল করেন ডি কেটেলারে। এর ফলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বেলজিয়াম।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ খুঁজতে থাকে বেলজিয়াম, আর ম্যাচে ফেরার চেষ্টা করে যুক্তরাষ্ট্র। কিন্তু ম্যাচের শেষ দিকে অবিশ্বাস্য এক ভুলে চোখে ঝাপসা দেখা শুরু করে স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র।

বল ক্লিয়ার করতে পেনাল্টি বক্স ছেড়ে অনেক দূর পর্যন্ত বেরিয়ে আসেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যাট ফ্রিজ। কিন্তু তিনি বলে ঠিকমতো স্পর্শ করতে ব্যর্থ হন। সেই সুযোগে বলের নিয়ন্ত্রণ নেন ম্যাক্সিম ডি কুইপার। পরে তার কাছ থেকে বল পেয়ে হান্স ফানাকানের শটটি যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার টিম রিম সহজেই ঠেকিয়ে দিতে পারতেন। কিন্তু তিনিও বল মিস করলে সেটি গড়িয়ে জালে জড়িয়ে যায়। একের পর এক ভুলে বেলজিয়াম ৩-১ ব্যবধানে এগিয়ে যায়।

এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে (৯০+৩) শেষ আঘাত হানেন বদলি হিসেবে নামা রোমেলু লুকাকু। তার গোলে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বেলজিয়াম।

২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু বেলজিয়ামের কার্যকর আক্রমণ আর নিজেদের রক্ষণভাগের ভুলে সেই স্বপ্ন ভেঙে যায়। অন্যদিকে দাপুটে এই জয়ে শেষ আটে জায়গা করে নিয়ে স্পেনের বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি নেবে বেলজিয়াম।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ