আজ : সোমবার ║ ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ║৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

জনগণের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ, দেশে অনিশ্চয়তা বাড়ছে- এটিএম মাসুম

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার মাত্র তিন মাসের মধ্যেই জনগণের দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতায় দেশের মানুষ হতাশ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

শুক্রবার (১৫ মে) রাতে নগরীর পাঁচলাইশ থানা জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, গত ৫৪ বছরের শাসনামলে জনগণ যে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে, বর্তমান পরিস্থিতি দেশকে আবারও সেই একই ধরনের অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। সরকার ক্ষমতায় আসার পরও কার্যকরভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেনি বলেও দাবি করেন তিনি।

এটিএম মাসুম বলেন, দলীয় কোন্দলের কারণে ক্ষমতাসীন দলের নিজেদের কর্মীরাই হত্যার শিকার হচ্ছে। পাশাপাশি চাঁদাবাজি আগের তুলনায় বহুগুণ বেড়ে গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে এবং সরকার জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সক্ষম কি না—এমন প্রশ্নও দেখা দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জুলাই সনদে স্বাক্ষর করে ক্ষমতায় এলেও বিএনপি এখন সেই অঙ্গীকার থেকে সরে এসেছে। বিচার বিভাগকে স্বাধীন করার প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিবর্তে পুরোনো নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা বহাল রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। একইভাবে দুর্নীতি দমন কমিশনকে কার্যকর ও স্বাধীন না করে দুর্নীতির সুযোগ সৃষ্টি করা হয়েছে বলেও দাবি করেন।

আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর মধ্যেও সরকারের কর্মকাণ্ড নিয়ে সংশয় তৈরি হয়েছে উল্লেখ করে এটিএম মাসুম বলেন, বিদেশি ঋণ ও সহায়তা যথাযথভাবে ব্যবহৃত হবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। পাশাপাশি দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, বিরোধী দলের অবস্থানে থেকেও সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে জনগণের পাশে থাকতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর নজরুল ইসলাম বলেন, গণঅধিকার সংরক্ষণের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে জামায়াতের ইউনিটগুলোকে আরও শক্তিশালী করতে হবে।

নগর জামায়াতের মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, সংগঠনের ইউনিটগুলোই জনগণের দোরগোড়ায় পৌঁছানোর প্রধান মাধ্যম। তাই এসব ইউনিটকে কার্যকর ও শক্তিশালী করতে হবে।

পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন থানা সেক্রেটারি মাওলানা মফিজুল হক। এছাড়া বক্তব্য দেন পশ্চিম ষোলশহর ওয়ার্ড আমীর কাজী আব্বাস আলী এবং শুলকবহর ওয়ার্ড জামায়াতের আমীর তাওহীদ আজাদ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ