
দেশচিন্তা ডেস্ক: দীর্ঘ ৩২৬ দিনের মোতায়েন শেষে শনিবার যুক্তরাষ্ট্রে ফিরে গেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর আগে এই রণতরীটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছিল।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ভার্জিনিয়ার নরফোক শহরে উপস্থিত থেকে বিশ্বের সবচেয়ে বড় এই বিমানবাহী রণতরীটিকে স্বাগত জানান বলে মার্কিন সামরিক বাহিনী এক্সে জানিয়েছে।
এটি ছিল ভিয়েতনাম যুদ্ধের পর থেকে কোনো মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সবচেয়ে দীর্ঘ মোতায়েন।
ফোর্ডের এই দীর্ঘ অভিযানের সময় এটি ক্যারিবীয় অঞ্চলে মার্কিন অভিযানে অংশ নেয়, যেখানে ওয়াশিংটনের বাহিনী কথিত মাদক পাচারকারী নৌকায় হামলা চালায়, নিষেধাজ্ঞার আওতাভুক্ত ট্যাংকার আটক করে এবং ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে ঘিরে অভিযান পরিচালনা করে।
পরে এটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয় ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেয়ার জন্য।
এই দীর্ঘ মোতায়েনের সময় ১২ মার্চ জাহাজটির একটি লন্ড্রি কক্ষে আগুন লাগে। এতে দুই নাবিক আহত হন এবং প্রায় ১০০টি শয্যার বড় ধরনের ক্ষতি হয় বলে মার্কিন সামরিক বাহিনী জানায়।
এছাড়া সমুদ্রে থাকাকালে রণতরীটি টয়লেট ব্যবস্থার গুরুতর সমস্যায়ও পড়েছিল বলে জানা গেছে।
















