
দেশচিন্তা ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ওয়াশিংটনের প্রতি তেহরানের ‘কোনো আস্থা নেই’ এবং তারা কেবল তখনই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে আগ্রহী হবে, যদি তা সত্যিই আন্তরিক হয়।
ভারতের রাজধানীতে ব্রিকস ফরেন মিনিস্টার্স মিটিংয়ে অংশ নিতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালির পরিস্থিতি খুবই জটিল। তার ভাষায়, এই জলপথ দিয়ে সব জাহাজ চলাচল করতে পারবে, তবে যারা তেহরানের সঙ্গে ‘যুদ্ধাবস্থায়’ রয়েছে তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না—এবং তাদের অবশ্যই ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে।
হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি ও পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ; সাধারণত বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ সমুদ্রপথে পরিবাহিত তেল ও গ্যাস এই পথ দিয়ে যায়।
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর তেহরান কার্যত এই প্রণালি দিয়ে অধিকাংশ বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দেয়।
পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হলেও স্থায়ী শান্তিচুক্তি এখনও হয়নি। পাকিস্তানের মধ্যস্থতায় চলমান আলোচনা গত সপ্তাহে স্থগিত হয়ে যায়, কারণ উভয়পক্ষই একে অপরের সবশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করে।
আরাগচি বলেন, ‘বিরোধপূর্ণ বার্তা’ যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য নিয়ে ইরানের সন্দেহ বাড়িয়েছে। তবে তিনি জানান, পাকিস্তানের মধ্যস্থতা প্রক্রিয়া ব্যর্থ হয়নি, বরং এটি এখন ‘কঠিন অবস্থায়’ রয়েছে।


















