
দেশচিন্তা ডেস্ক: সব ঠিক থাকলে আগামী এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন হতে পারে বলে আশা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (৬ মে) ফক্স নিউজের সাংবাদিক ব্রেট বায়ার এক লাইভ অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন। পরে সংবাদ সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
ব্রেট বায়ার বলেন, ‘কিছুক্ষণ আগে প্রেসিডেন্টের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। প্রস্তাবিত এই সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে তিনি বেশ আশাবাদী। আমি তাকে সময়সীমার কথা জিজ্ঞাসা করলে তিনি জানান, সব ঠিক থাকলে এক সপ্তাহের মধ্যেই এটি চূড়ান্ত হতে পারে।’
তবে ট্রাম্প বিষয়টিকে ‘সতর্ক আশাবাদ’ হিসেবে দেখছেন বলেও বায়ার উল্লেখ করেন।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের আলোচনা বেশ ইতিবাচকভাবে এগোচ্ছে। তারা নিজেরাও চুক্তিতে আসতে আগ্রহী। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’ তবে ট্রাম্প বিষয়টিকে ‘সতর্ক আশাবাদ’ হিসেবে দেখছেন বলেও বায়ার উল্লেখ করেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা তৈরি হয়। পাল্টা জবাবে ইরানও ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর হামলা চালায় এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও কোনো স্থায়ী সমাধান আসছিল না।
পরে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। এরপর ট্রাম্প কোনো নির্দিষ্ট সময়সীমা ছাড়াই এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ান। ১৩ এপ্রিল থেকে হরমুজ প্রণালিতে ইরানি জাহাজ চলাচলের ওপর নৌ-অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র।
গত মঙ্গলবার (৫ মে) ট্রাম্প ঘোষণা করেছেন, এ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে মার্কিন বাহিনীর শুরু করা বিশেষ অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত থাকবে। কিন্তু মার্কিন নৌ-অবরোধ আগের মতোই পূর্ণ শক্তিতে বহাল থাকবে বলে তিনি জানান।

















