আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

খেলতে খেলতেই না ফেরার দেশে ফুটবলার

দেশচিন্তা ডেস্ক: জাতীয় দলকে বিদায় জানিয়েছিলেন আগেই। কিন্তু ফুটবলের প্রতি প্রেম যেন একটুও কমেনি। তাই ৪০ বছর বয়সে আবারও নেমে পড়েছিলেন ফুটবল মাঠে। কিন্তু এটাই হয়ে গেলো শেষ ম্যাচ। খেলার মাঠেই চির বিদায় নিলেন নাইজেরিয়ার সাবেক ফরোয়ার্ড মাইকেল এনেরামো।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নাইজেরিয়ার কাদুনায় একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছিল। ম্যাচের প্রথমার্ধে তিনি পুরোটা সময় স্বাভাবিকভাবেই খেলেছিলেন। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলা শুরু হওয়ার মাত্র পাঁচ মিনিটের মাথায় হঠাৎ মাঠে অজ্ঞান হয়ে পড়ে যান তিনি।

নাইজেরিয়া ফুটবল ফেডারেশন (এনএফএফ) জানিয়েছে, ৪০ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে ধারণা করা হচ্ছে ‘হৃদরোগ’।

নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মেদ সানুসি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক খবর। আমি ভাষা হারিয়ে ফেলেছি।’ এনএফএফ জানায়, ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুর কিছুক্ষণের মধ্যেই এনেরামো হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে মাঠে লুটিয়ে পড়েন।

মাইকেল এনেরামো নাইজেরিয়ার হয়ে ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ক্লাব ক্যারিয়ারে তিনি ছিলেন অত্যন্ত সফল। তিউনিসিয়ার ক্লাব ‘এসপারেন্স স্পোর্টিভ ডি তিউনিস’-এ খেলার সময় শক্তিশালী শারীরিক গড়নের জন্য ভক্তরা তাকে ভালোবেসে ‘দ্য ট্যাঙ্ক’ বলে ডাকতেন।

ক্লাবটিকে একাধিক শিরোপা জেতাতেও তার বড় ভূমিকা ছিল। তিউনিসিয়ার নাগরিকত্ব নেওয়ার সুযোগ থাকলেও তিনি নিজ দেশ নাইজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। এছাড়া তিনি তুরস্কের বড় বড় ক্লাব সিভাসপোর, বেসিকতাস এবং ইস্তাম্বুল বাসাকসেহিরের হয়ে মাঠ মাতিয়েছেন।

২০০৯ সালের ফেব্রুয়ারিতে জ্যামাইকার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে নাইজেরিয়া দলে অভিষেক হয়েছিল এনেরামোর। এর তিন মাস পর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোলটি করেছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ