
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়ায় সড়কের পাশে অবৈধভাবে মাটি কেটে গর্ত তৈরির মাধ্যমে সড়ককে ঝুঁকিপূর্ণ করার অপরাধে একটি ইটভাটার মালিকপক্ষকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৩ এপ্রিল) গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সাতকানিয়া কলেজ রোডস্থ এইচবিএম (HBM) ব্রিকস ফিল্ডের মালিকপক্ষকে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে দেখা যায়, সড়কের পাশ থেকে মাটি কেটে নেওয়ার ফলে রাস্তার স্থায়িত্ব ক্ষতিগ্রস্ত হয়ে জনসাধারণের চলাচলে ঝুঁকি সৃষ্টি হচ্ছিল।
উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ ও জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। ইতোমধ্যে মাটি কাটাসহ বিভিন্ন পরিবেশবিরোধী অপরাধে ৫০ লক্ষ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে এবং বেশ কয়েকজন অপরাধীকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, সাতকানিয়ায় প্রকৃতি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় জনগণকেও পরিবেশ সুরক্ষায় সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
পড়েছেনঃ ৫৮














