আজ : শনিবার ║ ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ║২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাজধানীতে শুরু হলো ৬ষ্ঠ ইয়ং সায়েন্টিস্ট কংগ্রেস: গুরুত্ব পাচ্ছে এআই

দেশচিন্তা ডেস্ক: ‘তরুণ বিজ্ঞানীরাই কৃত্রিম বুদ্ধিমত্তার কারিগর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর আগারগাঁওয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘৬ষ্ঠ ইয়ং সায়েন্টিস্ট কংগ্রেস ২০২৬’।

শনিবার (৪ এপ্রিল) ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (BAS)-এর উদ্যোগে এই আয়োজন শুরু হয়। দেশের তরুণ বিজ্ঞানীদের গবেষণা, উদ্ভাবন এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সম্ভাবনা তুলে ধরাই এই কংগ্রেসের মূল লক্ষ্য।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, “বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি শুধু অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি নয়, বরং এটি জাতীয় নিরাপত্তা ও টেকসই উন্নয়নের ভিত্তি। সরকার একটি জ্ঞানভিত্তিক ও উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়তে স্টেম (STEM) শিক্ষা এবং স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।”

বিশেষ অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এক যুগান্তকারী ঘোষণা দিয়ে জানান, সরকার দেশে একটি ‘জাতীয় এআই ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার এবং ডেটা নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত নীতিমালা তৈরির কাজ চলছে। এছাড়া উদ্ভাবনকে সরাসরি বাজারের সাথে যুক্ত করতে ‘ইনোভেশন টু মার্কেট’ উদ্যোগ এবং শীঘ্রই ‘জাতীয় ইনোভেশন ফেয়ার’ আয়োজনের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)-এর চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, “আমরা এখন চতুর্থ শিল্পবিপ্লবের যুগে বাস করছি। আমাদের তরুণ বিজ্ঞানীদের উচিত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে দেশের কৃষি ও স্বাস্থ্যের বাস্তব সমস্যার সমাধান করা।”

তিনি গবেষণায় নৈতিকতা ও ডেটা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার ওপরও জোর দেন।

বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস-এর ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. জেড এন তাহমিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কংগ্রেসের চেয়ারপারসন মেজর জেনারেল (অব.) প্রফেসর ড. এ এস এম মতিউর রহমান। সূচনা বক্তব্য প্রদান করেন একাডেমির সেক্রেটারি প্রফেসর ড. ইয়ারুল কবির।

দুই দিনব্যাপী এই কংগ্রেসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও তরুণ বিজ্ঞানীরা তাদের গবেষণা পত্র উপস্থাপন করবেন। এছাড়া প্যানেল আলোচনা ও প্রযুক্তি প্রদর্শনীর মাধ্যমে উদ্ভাবনী আইডিয়াগুলো বিনিময়ের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা। আগামীকাল ৫ এপ্রিল এই কংগ্রেসের সমাপনী অনুষ্ঠিত হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ