আজ : শুক্রবার ║ ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

জয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি

দেশচিন্তা ডেস্ক: ১২ বছরের বিশ্বকাপ খরা কাটানোর লড়াইটা এখনো জীবিত রাখল ইতালি। নর্দার্ন আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে প্লে-অফ ফাইনালে উঠেছে আজ্জুরিরা।

বার্গামোর ম্যাচে দীর্ঘ সময় ধুঁকতে থাকা ইতালিকে জয়ের পথে ফেরান সান্দ্রো তোনালি ও মোইসে কিন। দ্বিতীয়ার্ধে এই দুই গোলেই নিশ্চিত হয় জয়।

ম্যাচের ৫৬ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে জাল খুঁজে পান তোনালি। এরপর ৮০ মিনিটে দুর্দান্ত ফিনিশে ব্যবধান দ্বিগুণ করেন কিন, তাতেই নিশ্চিত হয় ইতালির জয়।

ইতালির কোচ ঞ্জেনারো গাত্তুসো ম্যাচটিকে নিজের কোচিং ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছিলেন, আর মাঠে-গ্যালারিতে সেই চাপ স্পষ্ট ছিল পুরো ম্যাচজুড়ে।

প্রথমার্ধে ছিল একেবারেই নিষ্প্রাণ ফুটবল- দুই দল মিলে লক্ষ্যে রাখতে পেরেছিল মাত্র দুইটি শট। নর্দার্ন আয়ারল্যান্ডের শক্ত ডিফেন্স ভাঙতে হিমশিম খায় ইতালি। গোলরক্ষক পিয়ার্স চার্লস সময়ক্ষেপণ করে খেলাকে আরও ধীর করে দেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বড় সুযোগ নষ্ট করেন মাতেও রেতেগুই, তবে কিছুক্ষণ পর তোনালির গোলেই স্বস্তি ফিরে পায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত কিনের গোলে নিশ্চিত হয় জয়, তবে পুরো ম্যাচে ইতালির পারফরম্যান্স খুব একটা আত্মবিশ্বাস জাগানিয়া ছিল না। সামনে প্লে-অফ ফাইনালে ওয়েলস বা বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে আরও ধারালো খেলতে হবে তাদের।

দুইবার টানা বিশ্বকাপে (২০১৮ ও ২০২২) খেলতে না পারা ইতালির সামনে এখন আরেকটি বড় পরীক্ষা- এই প্লে-অফ ফাইনালই ঠিক করে দেবে, তারা শেষ পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে ফিরতে পারবে কি না।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ