
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেছেন, ‘সাংবাদিকরাই এদেশের দর্পন। আমি আশা করবো, সাংবাদিকেরা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বাইরে রেখে এখানকার সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরবেন। সামাজিক বিনির্মানে, সত্য ও ন্যায়ের পথে বলিষ্ঠ ভূমিকা থাকবে। বৃহস্পতিবার (১২ মার্চ) আনোয়ারা উপজেলা হল রুমে আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। লায়ন হেলাল উদ্দিন আরও বলেন, ’ইতিমধ্যে আমি জেনেছি আনোয়ারায় বিভিন্ন সন্ত্রাস বাহিনী তৈরি হয়ে গেছে। এসবের কোনো অস্তিত্বই থাকতে পারবে না৷ মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই ব্যবস্থা করতে হবে’। তিনি আরও বলেন, আনোয়ারায় গড়ে উঠা শিল্পাঞ্চলে এখানকার মানুষের চাকরি নিশ্চিত করে বেকার সমস্যা দূরীকরণসহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য জাতীয়তাবাদী দল বিএনপি কাজ করে যাবে। আগামীতে আধুনিক ও স্বনির্ভর আনোয়ারা গড়ে তুলার প্রত্যয়ে এগিয়ে যাব। এতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করি। আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম মহিউদ্দিন মনজুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম সাজ্জাদের সঞ্চালনায় অতিথি ছিলেন, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম আনোয়ারুল হক, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সরওয়ার হোসেন মাসুদ, এস এম ফারুক হোসাইন, স্বেচ্ছাসেবক দল নেতা আতিকুর রহমান আতিক, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য জোবায়রুল আলম মানিক, উপজেলা সমন্বয়কারী মোঃ উল্লাহ মাহমুদ, সংগঠক জিএম মামুনুর রশীদ, সাংবাদিক রুপন দত্ত, জাহিদ হৃদয়, মোঃ নিজাম উদ্দীন, মোঃ সোহেল, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনিরসহ প্রমুখ। দোয়া ও মোনাজাত শেষে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ নিয়ে ইফতার আয়োজন করা হয়।













