
দেশচিন্তা ডেস্ক: ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য নীতিমালা প্রণয়ন এবং কোচিং সেন্টার নীতিমালা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সভায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে জনভোগান্তি কমানো এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় বিদেশি কারিকুলামে পরিচালিত ইংলিশ মিডিয়াম বিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, বিদেশি কারিকুলামে পরিচালিত সব ইংলিশ মিডিয়াম স্কুলে আগামী ৯ মার্চ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকার ঘোষিত ছুটির সময় পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সব বিদ্যালয়ে শুধু আবশ্যিক পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হতে পারবে।
এছাড়া বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়ামসহ সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রমও এই সময়ের মধ্যে বন্ধ থাকবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











