আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

বাণিজ্যিক রাজধানীর সুবিধা সৃষ্টিতে চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে: মেয়র ডা. শাহাদাত

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামকে কার্যকর বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে সমন্বিত অবকাঠামো উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে নগরের যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের খতিবের হাট এলাকায় ৯ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত সড়ক ও ড্রেন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রকল্পটি বাস্তবায়িত হওয়ায় স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।

মেয়র বলেন, সরকার চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার যে লক্ষ্য নির্ধারণ করেছে, তা বাস্তবায়নে টেকসই সড়ক নেটওয়ার্ক, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং শিল্পাঞ্চলভিত্তিক যোগাযোগ অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগাযোগ ব্যবস্থা উন্নত না হলে শিল্পায়ন, বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাবে না। তাই আমরা পরিকল্পিতভাবে ওয়ার্ডভিত্তিক অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছি।

উদ্বোধনকৃত প্রকল্পের আওতায় খতিবের হাট এলাকায় মোবারক আলী রোড, সুন্নিয়া মহিলা মাদ্রাসা-সংলগ্ন সড়ক, চানমিয়া সওদাগর রোড, ত্রিপুরা খাল-সংলগ্ন রাস্তা, নবীনগর আবাসিক এলাকা, সদর খাল-সংলগ্ন সড়ক এবং বার্মা কলোনি আবাসিক এলাকার ৪১০০ ফুট রাস্তা ও ড্রেনের উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে।

মেয়র জানান, ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডে ইতোমধ্যে ২৯ কোটি ৯০ লাখ টাকার উন্নয়ন কাজ সম্পাদিত হয়েছে এবং আরও ২০ কোটি টাকা ব্যয়ে পাঁচটি উপ-প্রকল্পের কাজ চলমান রয়েছে। সমাপ্ত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে হামজারবাগ রাস্তা, হামজা খা বাই-লেন, পাহাড়িকা আবাসিক এলাকা, রংপুর কলোনি, গ্রিনভিউ আবাসিক এলাকা, মোহাম্মপুর আবাসিক এলাকা, ইসমাইল কলোনি, বাংলাদেশ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি রোড, শাহজাহান আবাসিক এলাকা, রাজগঞ্জ আবাসিক এলাকা, হিলভিউ আবাসিক এলাকা, গাউছিয়া, শান্তিনগর ও মোহাম্মদনগর আবাসিক এলাকার সড়ক উন্নয়ন।

এরপর মেয়র ০৫ নম্বর মোহরা ওয়ার্ডের বালি খালের ওপর নির্মিত ৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ২০ মিটার দৈর্ঘ্যের একটি আরসিসি ব্রিজের উদ্বোধন করেন। তিনি বলেন, কালুরঘাট শিল্প এলাকার সড়ক সম্প্রসারণ, খালে পানিপ্রবাহের সক্ষমতা বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এ ব্রিজ নির্মাণ করা হয়েছে।

মেয়র জানান, ০৫ নম্বর মোহরা ওয়ার্ডে সিএন্ডবি বালুর টাল-সংলগ্ন ২৫ মিটার আরসিসি ব্রিজ, ওসমানিয়া ব্রিজ নির্মাণ এবং ব্রিজ থেকে আরাকান রোড সংযোগ সড়ক নির্মাণ, দেওয়ান মহসিন সড়ক উন্নয়ন ও ওয়াসা রোড সংস্কার কাজ চলমান রয়েছে। এছাড়া প্রস্তাবিত প্রকল্পের মধ্যে রয়েছে কালুরঘাট বিএফআইডিসি রোডের সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং বাহির সিগন্যাল থেকে কালুরঘাট ভারী শিল্প এলাকায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কার্যক্রম।

তিনি বলেন, চট্টগ্রামের শিল্পাঞ্চল, আবাসিক এলাকা ও বাণিজ্যিক জোনকে সমন্বিত সড়ক নেটওয়ার্কের আওতায় আনাই আমাদের লক্ষ্য। পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে প্রকৌশল, পরিবেশ ও অর্থনৈতিক সম্ভাব্যতা বিবেচনায় নিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে চসিকের প্রধান প্রকৌশলী আনিসুল ইসলাম, সাবেক কাউন্সিলর আজম খান, নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিম, শাফকাত মাহমুদ আমিনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ