
দেশচিন্তা ডেস্ক: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য কবিতা বিভাগে এ বছরের মনোনীত হলেও পূর্বঘোষণা ছাড়াই কবি মোহন রায়হানের পুরস্কার স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কার প্রদানের সময়ও তিনি উপস্থিত ছিলেন। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চ থেকে তার নাম ঘোষণা করা হয়নি। পরে পুরস্কার না নিয়েই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন কবি মোহন রায়হান।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়। এতে কবিতায় মোহন রায়হানের মনোনীত হওয়ার তথ্য জানানো হয় বাংলা একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে। কবি মোহন রায়হান বর্তমানে জাতীয় কবিতা পরিষদের সভাপতি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে কবি মোহন রায়হান পুরস্কার না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, ‘মোহন রায়হানের কবিতা ও লেখালেখি সম্পর্কে কিছু অভিযোগ ওঠায় কর্তৃপক্ষ সেই অভিযোগ খতিয়ে দেখার স্বার্থে সাময়িকভাবে পুরস্কার স্থগিত করেছে। পরীক্ষা-নিরীক্ষা হয়ে গেলে আমরা অবিলম্বে এটা জানাব।’
উল্লেখ্য, এদিন অন্যান্য বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ বা গবেষণায় সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মোস্তফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে মঈদুল হাসান এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।










