আজ : বৃহস্পতিবার ║ ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি

রোহিঙ্গা ক্যাম্পে আসিয়ান এমপিদের প্রতিনিধি দল

দেশচিন্তা ডেস্ক: আসিয়ান (অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান ন্যাশনস) সদস্যভুক্ত দক্ষিণপূর্ব এশীয় দেশসমূহের সাবেক ও বর্তমান সংসদ সদস্যদের নিয়ে গঠিত আসিয়ান পার্লামেন্টারিয়ান ফর হিউম্যান রাইটসের (এপিএইচআর) একটি প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

৮ সদস্য বিশিষ্ট এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন এপিএইচআরের সহসভাপতি ও মালয়েশিয়ার সাবেক সংসদ সদস্য চার্লস সান্তিয়াগো।

প্রতিনিধি দলে আরও রয়েছেন—এপিএইচআরের বোর্ড সদস্যদের মধ্যে মালয়েশিয়ার সংসদ সদস্য ওং চেন, থাইল্যান্ডের সংসদ সদস্য রাংসিমান রোম, ফিলিপাইনের সাবেক সংসদ সদস্য রাউল মানুয়েলসহ এপিএইচআরের চার কর্মকর্তা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে উখিয়ার ১৬নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে প্রতিনিধি দলটির গাড়িবহর। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এ সময় তাদের সঙ্গে ছিলেন।

ক্যাম্প ইনচার্জদের (সিআইসি) সঙ্গে মতবিনিময়ের পর রোহিঙ্গাদের ভোটে নবনির্বাচিত রোহিঙ্গা কন্সাল্টেটিভ কাউন্সিলের সভাপতি প্যানেলের ৫ সদস্যসহ রোহিঙ্গা নেতৃস্থানীয়দের সঙ্গে বৈঠক করেন তারা।

এ সময় বৈঠকে উপস্থিত রোহিঙ্গা কন্সাল্টেটিভ কাউন্সিলের বর্তমান সভাপতি ও রোহিঙ্গা নেতা সৈয়দউল্লাহ ঢাকা পোস্টকে বলেন, নিরাপদ প্রত্যাবাসনসহ রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ান এমপিদের প্রতিনিধিদলটি আমাদের সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেছেন।

তিনি আরও বলেন, মালয়েশিয়া এবং অন্যান্য দেশে আটক রোহিঙ্গাদের অবিলম্বে মুক্তির বিষয়সহ প্রত্যাবাসনের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও সমর্থনের গুরুত্ব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

পরে প্রতিনিধিদলটি ১৮নং রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র (আরসিএমসি) পরিদর্শন করেন।

এ ছাড়া, তারা ক্যাম্প এলাকা ঘুরে দেখার পাশাপাশি রোহিঙ্গা নারী-যুব প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানা গেছে।

পরিদর্শন শেষে বিকেলে কক্সবাজারের উদ্দেশে উখিয়া ত্যাগের পর আগামীকাল (৩ সেপ্টেম্বর) সকালে তারা বিমানযোগে ঢাকায় ফিরবেন এবং সেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় বিমানযোগে কক্সবাজার আগমনের পরদিন সোমবার সকালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানের সঙ্গে প্রতিনিধি দলটি ‘রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি’ নিয়ে বৈঠক করেন।

এ ছাড়া, তারা একই দিনে জাতিসংঘের সংস্থাগুলোসহ কক্সবাজারে ‘রোহিঙ্গা মানবিক সাড়াদান কর্মসূচি’তে কর্মরত দেশি-বিদেশি সহযোগী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।

প্রসঙ্গত, এপিএইচআর আসিয়ানভুক্ত এমপিদের সংগঠন হলেও এটি আসিয়ানের সরাসরি কোনো শাখা বা সহযোগী সংস্থা নয়। তবে আসিয়ানের কার্যক্রমে তাদের প্রতিনিধিত্ব রয়েছে।

এদিকে আগামী ১৯ সেপ্টেম্বর আসিয়ানের একটি প্রতিনিধি দল মিয়ানমার সফরে যাচ্ছে বলে গণমাধ্যমের বরাতে জানা গেছে, যার নেতৃত্ব দেবেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ