
দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমজীবী মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
সীমিত আয়ের শ্রমিকরা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বাজার ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ গ্রহণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত না করলে জনদুর্ভোগ আরও বাড়বে।
তিনি আজ চট্টগ্রামের জামালখানস্থ মহানগর কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে অনুষ্ঠিত সদস্য কর্মশালায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা জাকির হোসেন।
এস এম লুৎফর রহমান বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। অথচ তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং জীবনমান উন্নয়নের বিষয়গুলো এখনো যথাযথ গুরুত্ব পাচ্ছে না। শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে হলে কর্মসংস্থান বৃদ্ধি, ন্যায্য মজুরি বাস্তবায়ন এবং শ্রমবান্ধব নীতিমালা কার্যকর করতে হবে।
লুৎফর রহমান আরও বলেন, সংগঠনের প্রতিটি সদস্যকে আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে। শ্রমিকদের সমস্যা সমাধানের পাশাপাশি সমাজসেবা, জনকল্যাণমূলক কার্যক্রম এবং সংগঠন সম্প্রসারণে সক্রিয় ভূমিকা রাখতে হবে। ঐক্যবদ্ধ ও সচেতন শ্রমিক সমাজই একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও শ্রমিকবান্ধব বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন মহানগরীর সহ-সভাপতি মকবুল আহমদ ভূইয়াঁ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলাম, পাঠাগার সম্পাদক ইঞ্জি:সাইফুল ইসলাম প্রমূখ।











