আজ : ║ ║║

‘জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের কোনো পথ নেই’

দেশচিন্তা ডেস্ক: জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ১৩ জুন অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম বিভাগীয় জনসভা সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নেতারা জনসভা সফল করতে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ এবং সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

রোববার সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারার টানেল রেস্টুরেন্টে ১১ দলীয় চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আনোয়ারুল আলম চৌধুরী। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিকের সভাপতিত্বে এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল আলম চৌধুরী বলেন, “জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ১৩ জুন চট্টগ্রাম বিভাগীয় জনসভা অনুষ্ঠিত হবে। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এ জনসভায় অংশ নিয়ে তা সফল করতে হবে।”

তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের শরিক কোনো দল সরকারে গিয়ে যদি জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল হবে। জুলাইকে অস্বীকার করা মানে নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার অপচেষ্টা।”

আনোয়ারুল আলম চৌধুরী আরও বলেন, “জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে কোনো পথ নেই। জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, প্রয়োজনে আবারও সেই অপশক্তিকে প্রতিহত করবে।”

সভায় বক্তারা বলেন, “জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। এ লক্ষ্যে আগামী ১৩ জুনের বিভাগীয় জনসভা সফল করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।”

সভায় নেতারা জনসভা সফল করতে ব্যাপক প্রচার-প্রচারণা, গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জানান এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আন্দোলন আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ