
দেশচিন্তা ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (২৫ এপ্রিল) রাতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টসদের বার্ষিক ডিনার থেকে তাকে এবং অন্যান্য শীর্ষ মার্কিন নেতাদের সরিয়ে নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ডিনার চলাকালীন বলরুমের বাইরে গুলির ঘটনা ঘটেছিল। খবর দ্য হিন্দুর।
ট্রাম্প বলেন, সন্দেহভাজন ব্যক্তি একাধিক অস্ত্রে সজ্জিত ছিল, পরে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস তাকে থামায়। একজন কর্মকর্তা গুলিবিদ্ধ হন, তবে তিনি বুলেটপ্রুফ ভেস্ট পরিহিত থাকায় রক্ষা পান।
আইন প্রয়োগকারী দুই কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানান, সন্দেহভাজনের নাম কোল টমাস অ্যালেন (৩১), তিনি ক্যালিফোর্নিয়ার টোরান্স এলাকার বাসিন্দা।
ট্রাম্প বলেন, তাকে খুব কাছ থেকে অত্যন্ত শক্তিশালী অস্ত্র দিয়ে গুলি করা হয়েছিল, কিন্তু ভেস্টটি কাজ করেছে। তিনি আরও বলেন, তারা মনে করছে হামলাকারী একাই এই কাজ করেছে, আমিও তাই মনে করি।
ঘটনাটি ইরান যুদ্ধের সঙ্গে যুক্ত কিনা—এমন প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি তা মনে করি না। তিনি বলেন, এই ঘটনা আমাকে ইরান যুদ্ধে জয়লাভ থেকে বিরত রাখতে পারবে না।
ইনডোর অনুষ্ঠান কীভাবে করা উচিত তা পুনর্বিবেচনা করবেন কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, আমি তা করতে পারি না। তবে ওয়াশিংটন হিলটন হোটেলটি ‘বিশেষভাবে নিরাপদ নয়’ বলে মন্তব্য করেন তিনি।


















