
দেশচিন্তা ডেস্ক: আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে সব ধরনের ড্রোন বা রিমোটলি কন্ট্রোলড এয়ারক্রাফট সিস্টেম উড্ডয়নের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেবিচকের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জননিরাপত্তা নিশ্চিতকল্পে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রতিরক্ষা বাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সরকারি বা বেসরকারি কোনো সংস্থা যদি গবেষণা, জরিপ, কৃষিকার্য, পরিবীক্ষণ বা কোনো ইভেন্ট সম্প্রচারের প্রয়োজনে ড্রোন ব্যবহার করতে চায়, তবে তাদের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সে ক্ষেত্রে বেবিচক বরাবর আবেদন করে সংশ্লিষ্ট সব এজেন্সির ছাড়পত্র গ্রহণ সাপেক্ষে উড্ডয়নের অনুমতি পাওয়া যাবে।
বেবিচক জানিয়েছে, এই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ ড্রোন উড্ডয়ন করলে তা ‘বেসামরিক বিমান চলাচল আইন ২০১৭’-এর ২৪ ধারার অধীন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে এই জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে কর্তৃপক্ষ।











