আজ : ║ ║║

ফিলিস্তিন সংকট সমাধানে কার্যকর কূটনৈতিক উদ্যোগ জরুরি: নুরুল আমিন

ফিলিস্তিন সংকট সমাধানে ন্যায়বিচার, আন্তর্জাতিক আইন ও কার্যকর কূটনৈতিক উদ্যোগ জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

তিনি বলেন, ইসরায়েল একটি বর্ণবাদী রাষ্ট্র। মুসলমানদের ভূখণ্ড জবরদখল করে নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করছে। নিরীহ শিশু, নারীসহ অসংখ্য মানুষকে প্রতিনিয়ত হত্যা করছে। ইসরায়েলের মানবতাবিরোধী কর্মকাণ্ড ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিশ্বের মানবতাবাদী মানুষ সোচ্চার। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ফিলিস্তিনের ন্যায্য অধিকার ও মুক্তির পক্ষে অবস্থান নিয়েছে। ফিলিস্তিনি জনগণের ওপর চলমান নির্যাতন, হত্যাযজ্ঞ ও দখলদারিত্ব বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

রবিবার (২৯ নভেম্বর) বাদ আসর চট্টগ্রাম মহানগরী জামায়াতের উলামা বিভাগের উদ্যোগে বিআইএ মিলনায়তনে ‘ফিলিস্তিন সংকট: সমকালীন ভূরাজনৈতিক বাস্তবতা, ন্যায়ভিত্তিক সমাধান ও আমাদের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান বক্তা হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবিএম নুরুল আবসার। তিনি প্রবন্ধে ফিলিস্তিন সংকটের ঐতিহাসিক প্রেক্ষাপট, ইসরায়েলি দখলদারিত্ব, মধ্যপ্রাচ্যের সমকালীন ভূরাজনৈতিক বাস্তবতা এবং ফিলিস্তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম তুলে ধরেন। ফিলিস্তিন সংকটকে শুধু একটি আঞ্চলিক সংঘাত হিসেবে নয়, বরং মানবাধিকার, আন্তর্জাতিক আইন, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার প্রশ্ন হিসেবে বিবেচনা করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ফিলিস্তিন সংকটের ন্যায়ভিত্তিক ও স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা, দখলদারিত্বের অবসান, ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা এবং স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠন অপরিহার্য। এ সংকট মোকাবিলায় মুসলিম বিশ্ব, আন্তর্জাতিক সংস্থা, রাজনৈতিক নেতৃত্ব, শিক্ষাবিদ, গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজের দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি ফিলিস্তিনের পক্ষে জনমত গঠন, মানবিক সহায়তা ও কূটনৈতিক তৎপরতা জোরদার করার আহ্বান জানান।

চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা মমতাজুর রহমানের সভাপতিত্বে ও অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মসজিদ মিশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাওলানা মামুনুর রশিদ নুরী, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মুহসিন আল হোসাইনী, অধ্যক্ষ আবু হানিফা মোহাম্মদ নোমান, মুহাদ্দিস মাওলানা আহমদুর রহমান নদভী, মাওলানা মফিজুল হক, মাওলানা মুহাম্মদ ইলিয়াছ, মাওলানা মুনিরুজ্জামান, মাওলানা আজগর হাসান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা ফিলিস্তিন সংকটের স্থায়ী ও ন্যায়সংগত সমাধানে অবিলম্বে কার্যকর যুদ্ধবিরতি, নিরীহ বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, মানবিক সহায়তা কার্যক্রম নির্বিঘ্ন করা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিশ্বসম্প্রদায়ের কার্যকর ভূমিকা কামনা করেন।

বক্তারা আরও বলেন, ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি মানবিক সহায়তা, জনসচেতনতা সৃষ্টি, তথ্যভিত্তিক গবেষণা এবং তরুণ প্রজন্মকে ফিলিস্তিনের ইতিহাস ও ভূরাজনৈতিক বাস্তবতা সম্পর্কে সচেতন করে তোলা জরুরি। ফিলিস্তিনের জনগণের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশসহ মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ