আজ : ║ ║║

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ ও কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং (বাক্কো)। দীর্ঘদিন ধরে এ বিষয়ে বাক্কোর পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে আবেদন, মতবিনিময় ও নীতিগত আলোচনার ধারাবাহিক প্রচেষ্টার পর এ উদ্যোগ বাস্তবায়নের পথ সুগম হওয়াকে অত্যন্ত ইতিবাচক বলে মনে করেন সংগঠনটির উচ্চ পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনার ফলে ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় দেশে আনার প্রক্রিয়া আরও সহজ ও আধুনিক হবে। এখন থেকে প্ল্যাটফর্ম স্টেটমেন্ট, ই-মেইলসহ বিভিন্ন ইলেকট্রনিক প্রমাণের ভিত্তিতে বৈদেশিক আয় গ্রহণ করা যাবে, ফলে প্রচলিত কাগজপত্রের ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত ইনওয়ার্ড রেমিট্যান্স আনুষ্ঠানিক ঘোষণাপত্র ছাড়াই গ্রহণ, অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রতি লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার মার্কিন ডলার গ্রহণ, ডুয়াল-কারেন্সি ‘ফ্রিল্যান্সার কার্ড’ চালু এবং আইটি খাতের ফ্রিল্যান্সারদের রপ্তানি আয়ের সর্বোচ্চ ৫০% এক্সপোর্ট রিটেনশন কোটার সুযোগ নিশ্চিত করা হয়েছে (অন্যান্য সেবা রপ্তানিকারকদের ক্ষেত্রে ৩০%)। এর ফলে আন্তর্জাতিক লেনদেন আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে।
এ বিষয়ে বাক্কো কার্যনির্বাহী কমিটির সভাপতি জনাব তানভীর ইব্রাহীম বলেন, ুবাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্ত দেশের ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং খাতের জন্য অত্যন্ত ইতিবাচক। বৈদেশিক লেনদেন সহজ হলে আন্তর্জাতিক বাজারে কাজ করা ফ্রিল্যান্সার ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো আরও নির্বিঘ্নে কার্যক্রম পরিচালনা করতে পারবে। এর ফলে বৈদেশিক মুদ্রা অর্জন বৃদ্ধি পাবে এবং দেশের ডিজিটাল সেবা রপ্তানি আরও সম্প্রসারিত হবে”।
বাক্কো কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জনাব ফয়সল আলিম বলেন, ুএ উদ্যোগ দেশের বর্তমান ও আগ্রহী ফ্রিল্যান্সারদের জন্য একটি বড় উৎসাহ হিসেবে কাজ করবে। বৈদেশিক লেনদেনের জটিলতা কমে গেলে নতুন প্রজন্ম আরও বেশি আত্মবিশ্বাসের সঙ্গে আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ করতে আগ্রহী হবে এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে”।
বাক্কো মনে করে, ফ্রিল্যান্সিং ও বিপিও শিল্প দেশের অন্যতম সম্ভাবনাময় রপ্তানিমুখী খাত। এ খাতের টেকসই উন্নয়নে সময়োপযোগী নীতিগত সহায়তা, সহজ আর্থিক লেনদেন ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে কার্যকর সংযোগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং প্রযুক্তিনির্ভর সেবা রপ্তানিতে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।
বাক্কো এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংককে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানায় এবং ভবিষ্যতেও দেশের ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং শিল্পের বিকাশে সরকার ও সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ