আজ : ║ ║║

সাংবাদিকতা সমাজের দর্পণ, বস্তুনিষ্ঠতা যাচাই জরুরি : চবিসাসের ফল উৎসবে চবি উপাচার্য

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, অনেকে বলেন প্রশাসন নাকি সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চায়; কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই—আমরা স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী এবং এর পূর্ণ স্বাধীনতায় আমরা কোনো হস্তক্ষেপ করতে চাই না। তবে মনে রাখতে হবে, সাংবাদিকতা হলো সমাজের দর্পণ। দর্পণটি যদি ময়লাযুক্ত বা ভাঙা হয়, তবে সমাজের চেহারাও ভাঙা ও বিকৃত দেখায়। দর্পণ যত মসৃণ ও স্বচ্ছ হবে, সমাজের প্রকৃত চিত্র তত সুন্দরভাবে ফুটে উঠবে।

সোমবার (২৯ জুন, ২০২৬) দুপুর ২টায় চবিসাস কার্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) এর উদ্যোগে ‘গল্পে আড্ডায় সাংবাদিকতা ও ফল উৎসব ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

মাননীয় উপাচার্য বলেন, আজকের এই চমৎকার আয়োজনটি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন, সাংবাদিক সমিতি, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যকার পারস্পরিক চমৎকার মেলবন্ধনের একটি অনন্য প্রমাণ। তিনি বলেন, সাংবাদিকদের কাছে আমার অনুরোধ, আপনারা সমাজের ভালো দিকগুলো যেমন তুলে ধরবেন, তেমনি অন্যায়-ত্রুটিগুলোও বিশ্লেষণ করবেন। তবে যেকোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, সত্যের মাপকাঠি এবং যার সাক্ষাৎকার নিচ্ছেন তার তথ্যের সঠিকতা যাচাই করা অত্যন্ত জরুরি।

বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আজকে এখানে এসে ভালো লাগছে। সাংবাদিক সমিতি দারুণ উদ্যােগ নিয়েছে। ক্যাম্পাস সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্টেকহোল্ডার। ক্যাম্পাস সাংবাদিকদের সহযোগিতায় বিভিন্ন সমস্যা সমাধান সম্ভব। তিনি সবাইকে ধন্যবাদ জানান।

মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ফল উৎসব আমাদের অন্যতম সংস্কৃতি ও ইতিহাস ঐতিহ্যের অংশ। ক্যাম্পাসে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আশা করি ইতিবাচক ও গঠনমূলক সংবাদ উপস্থাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সহযোগিতা করবে সাংবাদিকরা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রফেসর ড. আতিয়ার রহমান, চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, চবি শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন। গল্পে আড্ডায় অনুষ্ঠানে অতিথি ছিলেন চবিসাসের সাবেক সভাপতি ও আজকের পত্রিকার ডেপুটি ব্যুরো চিফ ওমর ফারুক ও চবি দর্শন বিভাগের প্রভাষক মীর হোসেন মজুমদার।

চবিসাসের সভাপতি রেফায়েত উল্যাহ রুপকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, অন্যান্য শিক্ষকবৃন্দ, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সাংবাদিকতার নানা অভিজ্ঞতা, সমসাময়িক ভাবনা, পেশাগত চ্যালেঞ্জ এবং এই পেশার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এক প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। চবিসাস কার্যালয়ে উপস্থিত সাংবাদিক, শিক্ষক ও সুধীজন এই আড্ডায় অংশ নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন। আলোচনা সভার পাশাপাশি উৎসবের অংশ হিসেবে আমন্ত্রিত অতিথিদের মুখরোচক বিভিন্ন মৌসুমী ফলে আপ্যায়ন করা হয়। সৌহার্দ্যপূর্ণ আড্ডা এবং ফল উৎসবের এই মেলবন্ধন অনুষ্ঠানস্থলে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ